
ময়মনসিংহের ঐতিহ্যবাহী পূরবী সিনেমা হলটি ভেঙে ফেলা হচ্ছে। গত ২৫ ডিসেম্বর থেকে হলটি ভাঙা শুরু করেছে মালিকপক্ষ। নগরীর চামড়াগুদাম এলাকায় স্বাধীনতার আগে ৩২ শতাংশ জায়গায় সিনেমা হলটি নির্মাণ করা হয়। আসনসংখ্যা প্রায় এক হাজার। ১৯৮০—১৯৯০ দশকে ব্যাপক দর্শকপ্রিয় ছিল হলটি।
সবশেষ এক মাস ধরে হলটিতে প্রদর্শিত হয়েছিল ‘একবুক জ্বালা’ নামের চলচ্চিত্র। তবে একের পর এক সিনেমা হল বন্ধ হওয়া সংস্কৃতির জন্য বড় ধরনের হুমকি বলছেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন।
এর আগে ২০০২ সালের ৭ ডিসেম্বর একই সময়ে অলকা, অজন্তা, ছায়াবাণী ও পূরবী সিনেমা হলে বোমা হামলার পর মূলত সিনেমা হলগুলোয় দর্শকসংখ্যা আশঙ্কাজনক হারে কমতে থাকে। করোনার পর থেকে সেই সংখ্যা আরও বাড়ে। হলের নিচতলায় ৭০০ আসন, দ্বিতীয় তলায় ডি চেয়ার ছিল ৩২০টি এবং বক্স ছিল ২০টি।
হল কর্তৃপক্ষ বলছে, কয়েক বছর ধরে প্রতি শোতে ৫-৭ জন দর্শক হয়। অনেক সময় দর্শক না থাকার কারণে শো বন্ধ থাকে। দিনের পর দিন স্টাফ খরচও না ওঠায় হল ভাঙার সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই সেখানে বহুতল ভবন করে দর্শক চাহিদার ওপর ভিত্তি করে প্রয়োজনে পূরবী সিনেপ্লেক্স নির্মাণ করা হবে।

আজ শনিবার সরেজমিন দেখা গেছে, ৮-১০ জন শ্রমিক দেয়াল ভেঙে ইট, পাথর ও লোহা সরানোর কাজ করছেন। শ্রমিক মুকুল মিয়া বলেন, ‘গত ২৫ ডিসেম্বর থেকে হল ভাঙার কাজ শুরু করেছি। দৈনিক গড়ে ১২-১৪ শ্রমিক কাজ করছি। প্রথম-দ্বিতীয় তলার ছাদ এবং দেয়াল ভাঙা হয়েছে। সম্পূর্ণ ভাঙতে আরও কমপক্ষে তিন মাস সময় লাগবে। শুনেছি, সেখানে মালিকপক্ষ কমপ্লেক্স করবেন।’
ঠিকাদার হারুন অর রশিদ বলেন, ‘১৫ লাখ টাকায় পূরবী সিনেমা হলের পুরাতন মালপত্র ক্রয় করেছি। আমরা সেগুলো ভেঙে এখন জায়গা খালি করছি। সব মিলিয়ে আমাদের চার মাস সময় লাগবে।’
স্থানীয় বাসিন্দা মনু মিয়া বলেন, ‘হলটি দেখতে দেখতে আমরা বড় হয়েছি। একসময় সিনেমার জোয়ার ছিল। তাই মানুষ হলের আশপাশে অনেক ভিড় জমাত। এখন ছবি না চলার কারণে মালিকপক্ষ হল ভাঙছে। এতে খারাপ লাগলেও মালিক তো আর বছরের পর বছর লোকসান গুনবে না।’
সিনেমা হলের ম্যানেজার মোখতার হোসেন বলেন, ‘দেশের নামকরা কয়েকটি হলের একটি ছিল পূরবী। স্বাধীনতার বেশ কয়েক বছর আগে সেটি নির্মাণ করা হয়েছিল। তখন ভালো ভালো ছবি নির্মিত হওয়ার কারণে হলভর্তি দর্শক হতো। বিশেষ করে করোনার পর হলের দর্শক একেবারে কমে যায়। সবশেষ এক মাস আগে আমরা একবুক জ্বালা ছবিটি চালিয়েছিলাম।’

তিনি বলেন, হলের জায়গাটিতে একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে শপিং কমপ্লেক্স, ডায়াগনস্টিক সেন্টার, আবাসিক বাসস্থানের ব্যবস্থা, দর্শক চাহিদা বিবেচনায় পূরবী সিনেপ্লেক্স স্থাপনের চিন্তাভাবনা রয়েছে।
সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘একসময় একের পর এক করে তিনটি হলে ছবি দেখতাম। সে সময়টা আর কখনো আসবে না। হল বন্ধ হওয়া মানে সংস্কৃতির ওপর বড় ধরনের একটি হুমকি আসা। একের পর এক হল বন্ধ হওয়ায় আমাদের ছেলেমেয়েরা ভারতীয় সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। এর জন্য দায়ী মানহীন ছবি। একটি ছবির মাধ্যমে সমাজ ও দেশের পরিবর্তন ঘটানো সম্ভব। তাই দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সরকারকে উদ্যোগী হওয়া প্রয়োজন।’

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট রেলক্রসিংয়ে যাত্রীবাহী খেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে আন্তনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মাছুম। দুর্ঘটনায় টানা এক সপ্তাহ ছিলেন সংজ্ঞাহীন। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পাখি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে লাবু ইসলাম নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হেলিপোর্ট পাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে ভেসে মিরাজ (৭) ও আশিক (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে