নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সঙ্গে থাকা তাঁর বন্ধু আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁওয়ের গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান কবির (৩৫) উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেদী হাসান কবির জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান কবির ও তাঁর বন্ধু পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের নেওকা গ্রামের রায়হান মিয়া মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের গলাকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী ও রায়হান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। আহত রায়হানকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, আহত একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর ধারণা, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









