গজারিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে গোসল করতে নেমে মো. রাফি মিয়া (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য ভাটের চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাফি মিয়া নড়াইল জেলার বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে। তাঁরা গজারিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে পাঁচ বন্ধু মিলে মধ্য ভাটের চর এলাকার ফুলদী নদীতে গোসল করতে নামে। এ সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও রাফি নদীতে তলিয়ে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশন থেকে একটি বিশেষ ডুবুরি দল সেখানে গিয়ে অভিযানে যোগ দেয়।
তিনি আরও জানান, নিখোঁজ শিশুটির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।









