Ajker Patrika

শ্রীনগরে রেলিং ভেঙে বাস খাদে: পরিচয় মিলল নিহত তিনজনের

মুন্সিগঞ্জ প্রতিনিধি
শ্রীনগরে রেলিং ভেঙে বাস খাদে: পরিচয় মিলল নিহত তিনজনের
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শ্রীনগরের হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বাস খাদে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বাসের সুপারভাইজার রোকুনুজ্জামান রঞ্জু (৫৭), হেলপার চঞ্চল বিশ্বাস (২৩) ও যাত্রী সালাউদ্দিন আহমেদ সাকিব (৩২)। রোকুনুজ্জামান রঞ্জু চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসস্ট্যান্ডপাড়া এলাকার মৃত আজিবর রহমানের ছেলে। চঞ্চল বিশ্বাস দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার মিলন কুমারের ছেলে। সালাউদ্দিন আহমেদ সাকিব একই উপজেলার শিবনগর এলাকার মিজানুর রহমানের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের গভীর পানিভর্তি খাদে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা আহত ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া সামান্য আহত পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫) ও হাসিব (২২); দামুড়হুদা উপজেলার শাহিন আক্তার (৩২), সন্দীপন বসু (৪০) ও বোরহান উদ্দিন (৫৫); মেহেরপুরের মুজিবনগর উপজেলার গিলবাড সরকার (৫৫) ও তরিকুল ইসলাম (৩৬); ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনিফিন (১৭) ও তিশা (২৪); ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০) এবং মাগুরা সদর উপজেলার রায়হান (২১) ও হৃদয় (৩০)।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্রুতগতির বাসটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও ভেতরে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত