Ajker Patrika

আট বছর পর চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন, ভোট ২৮ নভেম্বর

মৌলভীবাজার প্রতিনিধি
আট বছর পর চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন, ভোট ২৮ নভেম্বর
বুধবার বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। আগামী শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিচালনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে পৃথক সমন্বয় সভা করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন।

উপজেলাভিত্তিক ভোটার সংখ্যার মধ্যে কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রার্থী, ভোটার, বাগান কর্তৃপক্ষ, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত