
মানিকগঞ্জের সিঙ্গাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। হত্যার এ ঘটনায় অভিযুক্ত মো. আল-আমিন (৪২) পলাতক রয়েছেন।
নিহত ব্যক্তির স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজগর আলীর নাতনি একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। শিশুটিকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আল-আমিন উত্ত্যক্ত করে আসছেন। এ নিয়ে মেয়েটির স্বজনেরা বেশ কয়েকবার প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। পরে গত সোমবার আজগর আলী থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল পুলিশ অভিযোগ তদন্ত করার পর মামলা হিসেবে নথিভুক্ত করে। এ ঘটনায় ক্ষিপ্ত হন আল-আমিন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আল-আমিন ৪-৫টি মোটরসাইকেলে করে সহযোগীদের নিয়ে আজগর আলীর চায়ের দোকানে যান। এ সময় তাঁরা তাঁকে দোকান থেকে টেনে বাইরে বের করে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। হামলাকারীরা চলে গেলে স্বজন ও প্রতিবেশীরা আজগর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক জানান, আজগর আলী আগেই মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা আবুল কালামসহ একাধিক ব্যক্তির অভিযোগ, হত্যার ঘটনায় অভিযুক্ত আল-আমিন এলাকায় মাদক সেবন, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজকের পত্রিকাকে বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হত্যার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত আল-আমিন ও তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২০ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে