Ajker Patrika

চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ ৫ পরিবার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ ৫ পরিবার
বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোট উদাস গ্রামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে রাস্তায় বাঁশের বেড়া ও প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পাঁচটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সোহরাব শেখ বাদী হয়ে গতকাল শনিবার বিকেলে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট উদাস গ্রামের সোহরাব শেখ, রমজান শেখ, তুরাপ শেখ, আবু হাসান ও সাহেব আলীর পরিবার দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। সম্প্রতি জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী সাইফুল ইসলাম ও মোস্তফা শেখ রাস্তার মালিকানা দাবি করেন। পরে তাঁরা বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথটি বন্ধ করে দেন বলে অভিযোগ।

পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দৈনন্দিন কাজ, জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং শিশুদের স্কুলে যাতায়াতও চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে বাধ্য হয়ে তাঁরা মাঠের পথ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

ভুক্তভোগী সোহরাব শেখ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা ব্যবহার করছি। হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা নিজ বাড়িতেই বন্দী হয়ে পড়েছি। সঠিক বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

সোহরাব শেখের স্ত্রী রিনা বেগম বলেন, ‘জরুরি চিকিৎসা কিংবা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছোট ছেলেটা কোন পথে স্কুলে যাবে, সেটাও সে জানে না। আমরা কয়েকটি পরিবার একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছি। বাধ্য হয়ে বিকল্প হিসেবে মাঠের পথ ব্যবহার করছি।’

অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের জমিতে আমরা বেড়া দিয়েছি। তারা আমাদের মাঠে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, তাই আমরাও তাদের চলাচলের পথ বন্ধ করেছি। তারা আমাদের পথ ছেড়ে দিলে আমরাও বেড়া তুলে নেব।’

স্থানীয় বাসিন্দা সিদ্দিক শেখ বলেন, ‘এই রাস্তাটি অনেক পুরোনো। রাস্তাটি বন্ধ হওয়ায় যারা এ পথে চলাচল করতেন, তাঁদের খুবই সমস্যা হচ্ছে। যারা এ কাজটি করেছে, ঠিক করেনি।’

এদিকে গ্রামের সচেতন ও প্রবীণ ব্যক্তিরা মনে করছেন, চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। দ্রুত বিষয়টির সমাধান না হলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত