মাদারীপুরের শিবচরে ভান্ডারীকান্দি আছালত মেমোরিয়াল (এএম) উচ্চবিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা ছাড়াই শিক্ষক নিয়োগ এবং ভুয়া কাগজপত্র তৈরি করে তিনজন শিক্ষক নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত রোববার (২৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সভায় তাঁদের বরখাস্ত করা হয়।
বরখাস্ত শিক্ষকেরা হলেন–প্রধান শিক্ষক মো. এনামুল হক হাওলাদার, সহকারী শিক্ষক যুধিষ্টির কুমার মণ্ডল, সহকারী শিক্ষক শিশির বিশ্বাস ও সহকারী শিক্ষক সুমিতা রানী বৈদ্য।
এ ঘটনায় ইতিমধ্যে বিদ্যালয় ব্যবস্থা কমিটির সভাপতি হাবিবুর রহমান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও দুদক বরাবর অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালে মহামারি করোনার সময় সভাপতি অসুস্থ থাকলে তাঁকে তথ্য গোপন করে তাঁর স্বাক্ষর নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ১০ মে ২০১৫ সালে একটি জালিয়াতি চক্রের মাধ্যমে ভুয়া শাখা দেখিয়ে শিক্ষক নিয়োগ দেন। পরে তাঁরা ২০২১ সালের মে মাস থেকে এমপিও ভুক্ত হয়ে সরকারি বেতনভাতা ভোগ করে আসছেন।
এ ছাড়া গত ২০১৯ সালে মন্ত্রণালয়ের অডিট রিপোর্টে নিয়োগপ্রাপ্ত তিনজনের কোনো তথ্য নেই। পরে বিষয়টি বিদ্যালয়ের সভাপতির দৃষ্টিগোচর হলে তিনি প্রধান শিক্ষককের কাছে জানতে চাইলে প্রধান শিক্ষক তাঁকে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগের সময় পত্রিকায় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। নিয়োগের সময় ৯ জন দরখাস্তকারী আবেদন করেছে বললেও কোনো দরখাস্ত পাওয়া যায়নি। নিয়োগ পরীক্ষা ছাড়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কর্মরত শিক্ষকদের না জানিয়ে নিয়োগ দেওয়াসহ বিভিন্ন কারণে তাঁদের গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সহকারী শিক্ষক সুমিতা রানী বলেন, ‘হেড স্যার তখন আমাদের বলেছেন বিধি অনুযায়ী আপনাদের নিয়োগ হবে।’ তবে নিয়োগ পরীক্ষা কোথায় এবং কবে হয়েছিল তা জানতে চাইলে তিনি উত্তর দিতে পারেননি।
অপর শিক্ষক যুধিষ্টির কুমার মণ্ডল বলেন, ‘আমার বাড়ি ফরিদপুরের কামাল খালি। আসলে নিয়োগের বিষয়ে আমি কিছু জানতাম না। আমার এক বড় ভাই ছিল সে যোগাযোগ করে দিল। তারপর নিয়োগপত্র, যোগদানপত্র পেলাম। আমার ওই ভাইয়ের নাম সুজন। তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন এবং এমপিওর জন্য সব ব্যবস্থা তাঁরা করেছেন। এমপিও হওয়ার পরে আমি স্কুলে আসি। এ ক্ষেত্রে ৪ লাখ টাকা খরচ হয়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক হাওলাদার বলেন, ‘শিক্ষক নিয়োগ যেভাবে হওয়ার হয়েছে। এ বিষয় নিয়ে ব্যবস্থাপনা কমিটি আমাকেসহ আরও তিনজন শিক্ষককে বরখাস্ত করেছে। তা ছাড়া সভাপতির সঙ্গে আমার একটু খারাপ সম্পর্ক ছিল। এ কারণেই ঝামেলাটা হয়েছে। সভাপতিসহ অন্যরা আমাকে ফাঁসিয়েছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে রাষ্ট্রের অর্থ অপচয় করার মতো অপরাধ সংঘটিত হয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুল্লাহ খান বলেন, ‘তদন্ত করে দেখা হবে যে, তাঁরা ২০১৫ সালে যোগদান করছে নাকি ২০২১ সালে যোগদান করছে। সেটা তাঁদের নথিপত্র দেখলেই বোঝা যাবে। অনিয়ম থাকলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন (৩২) চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর
৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহত ও অব্যবস্থাপনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে ‘ময়মনসিংহ মঞ্চ’ নামের একটি নাগরিক সংগঠন হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
৪ মিনিট আগে
আওয়ামী লীগ ও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে শুরুতেই চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে কঠোর হুঁশিয়ারি দিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন। মাদক নির্মূলে পুলিশকে কঠোর ভূমিকা পালনের
৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক কলেজছাত্রীকে (১৭) অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। মেয়েকে না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। অভিযুক্তদের ভারতে যাতায়াতের তথ্য থাকায় মেয়েটিকে সীমান্ত দিয়ে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা।
৭ মিনিট আগে