Ajker Patrika
অটোরিকশাকে বাসের ধাক্কা

মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন আদুরি

কুড়িগ্রাম প্রতিনিধি
মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন আদুরি
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় ছয় বছরের মেয়ের মৃত্যুর পর এবার গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা (২৩)। আজ মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের শ্বশুর দুলাল চন্দ্র মালি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারের কাছে বাসের ধাক্কায় নিহত হয় আদুরি বালার ছয় বছরের মেয়ে মনিকা মালি। এ ঘটনায় আদুরি, তাঁর স্বামী অনন্ত মালি (২৬) এবং অটোরিকশাচালক মোজাম্মেল (২৯) গুরুতর আহত হন। আদুরি ও অনন্তকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গতকাল সোমবার রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অনন্ত মালি জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে তাঁরা লালমনিরহাটের কুলাঘাট এলাকায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কুড়িগ্রাম সদরের ত্রিমোহনীতে ফিরছিলেন। পথে কাঁঠালবাড়ী এলাকায় পৌঁছালে পিংকি পরিবহনের একটি ঢাকাগামী বাস তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অনন্ত মালির বাবা দুলাল চন্দ্র মালি বলেন, ‘আমার নাতনি কাল রাতে মারা গেছে। বৌমা আদুরি বালা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। সে আজ সকালে মারা গেছে। ছেলের অবস্থাও ভালো না। আমাদের সব শেষ হয়ে গেল। বিচার কার কাছে চাইবো। মামলা করবো কি না জানি না।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত