
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাকা রাস্তা নির্মাণ চেষ্টা করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আপত্তি জানালে নির্মাণকাজ ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে বিএসএফ। লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি কর্মকর্তা মেহেদী ইমাম জানান, গতকাল বৃহস্পতিবার উপজেলার খলিশাকোটাল সীমান্তে বিএসএফের রাস্তা নির্মাণ চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে ১৩ জানুয়ারি বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত হয়। সে পর্যন্ত রাস্তা নির্মাণকাজ স্থগিত রাখতে সম্মত হয়েছে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, খলিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪-এর ১ নম্বর সাবপিলার থেকে ১১ নম্বর সাবপিলারের মধ্যে ভারতের কুর্শাহাট-দিনহাটা সড়কের এক কিলোমিটার অংশ পড়েছে। সীমান্ত ঘেঁষা ভারতীয় ওই সড়কটির এক কিলোমিটার অংশ কোথাও কোথাও সীমান্তের শূন্য লাইন থেকে ৭০ গজ, কোথাও ৪০-৫০ গজ আবার কোথাও ১০০ থেকে ১২০ গজের মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য লাইন থেকে উভয় দেশের ১৫০ গজের মধ্যে প্রতিরোধ কিংবা অপ্রতিরোধমূলক কোনো প্রকার পাকা স্থাপনা নির্মাণের নিয়ম নেই। অতি প্রয়োজনে কোনো অপ্রতিরোধমূলক পাকা স্থাপনা করতে হলেও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মতির প্রয়োজন। কিন্তু বিএসএফ আইনের তোয়াক্কা না করেই ফুলবাড়ীর খলিশাকোটাল সীমান্তের শূন্য রেখার ১৫০ গজের ভেতর সড়কটি পাকা করার কাজ শুরু করে। এতেই বিপত্তি দেখা দেয়।
বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের দিকে ভারতীয় মেঘ নারায়ণ কুঠি বিএসএফ ক্যাম্পের সদস্যরা কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-দিনহাটা পাকা রাস্তার কাজ শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ফুলবাড়ী বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা বাধা দেন। বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানায়। কিন্তু বিজিবির টহল দল ঘটনাস্থল ত্যাগ করার পর বিএসএফ আবারও রাস্তার কাজ শুরু করে। এ ঘটনায় বিজিবি-বিএসএফ সদস্যদের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ বিজিবির সমর্থনে লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে কাজ বন্ধ রেখে পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিএসএফ।
সূত্র আরও জানায়, এরপর গতকাল সন্ধ্যার আগে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর সাবপিলারের ১-এসের পাশে নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। রাস্তা নির্মাণের কাজ সাময়িক বন্ধ রাখে বিএসএফ। এরপর শুক্রবার সকালে একই সীমান্তে ফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৩ জানুয়ারি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত হয়। সে সময় পর্যন্ত রাস্তা নির্মাণকাজ বন্ধ রাখতে উভয় বাহিনী সম্মত হয় বলে জানিয়েছে বিজিবি।
খলিশাকোটাল সীমান্তের বাসিন্দা উমর আলী ও মজিবর রহমানসহ অনেকে জানান, তিন-চার দিন থেকে বিএসএফ রাতের আঁধারে কাজ চালিয়ে যাচ্ছে। বিজিবি সদস্যরা বাধা দিলেও নির্মাণকাজ বন্ধ করেনি। এলাকাবাসী বিজিবিকে সহযোগিতা করে রাস্তার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে। সাময়িকভাবে কাজ বন্ধ রাখলেও রাতের আঁধারে ফের কাজ করার আশঙ্কা রয়েছে।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘খালিশাকোটাল সীমান্তে ভারতের পাকা রাস্তা নির্মাণকাজে বিজিবি আপত্তি জানিয়েছে। রাস্তাটির কিছু অংশ সীমান্তের নির্ধারিত সীমার ভেতর চলে আসছে। এ নিয়ে শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সে সময় পর্যন্ত বিএসএফ রাস্তা নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে। বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।’ আরেক প্রশ্নের জবাবে বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, ‘ওই সীমান্তে কোনো গুলি কিংবা বিস্ফোরণের শব্দ হয়নি। এমন ঘটনা ঘটলে সীমান্তবাসী অবশ্যই জানত। এ ছাড়া বিএসএফ এই ধরনের ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি। পটকা কিংবা আতশবাজির শব্দ হলে হতে পারে। সেটা স্বাভাবিক ঘটনা।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে