Ajker Patrika

কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই
আহত ব্যবসায়ী নুর মোহাম্মদ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নুর মোহাম্মদ (৩৯) নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার মধ্যরাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নুর মোহাম্মদ দক্ষিণ দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে। তিনি দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশনসংলগ্ন ‘নয়ন টেলিকম স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ ও রকেট) এজেন্ট হিসেবে ব্যবসা করেন।

নুর মোহাম্মদের ভাই নুরন্নবী জানান, সোমবার রাতে তাঁর ভাইয়ের বাড়ি ফিরতে দেরি হচ্ছিল। এ সময় ছেলের বাড়ি ফিরতে দেরি দেখে তাঁদের মা বাড়ির গেটের বাইরে বের হন। পরে বাড়ির কাছের রাস্তায় নুর মোহাম্মদকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁকে থানায়ও নেওয়া হয়েছিল।

নুরন্নবীর অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর ভাইয়ের মাথা ও হাঁটুতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জখম করে। পরে তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে আহত অবস্থায় ফেলে রেখে যায়। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত নুর মোহাম্মদের জ্ঞান ফেরেনি বলে জানান তাঁর ভাই।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত