
ইউরোপের উদ্দেশে লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বায়জিদ চৌধুরী (২৩) নিহত হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় বায়জিদের মরদেহ এখনো পাওয়া যায়নি।
নিহত বায়জিদ চৌধুরী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের মো. সাব মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, উন্নত জীবন ও পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই মাস আগে এলাকার আরও দুই যুবকের সঙ্গে লিবিয়া যান বায়জিদ। পরে ১৪ সেপ্টেম্বর অন্য অনেকের সঙ্গে গ্রিসের উদ্দেশে একটি ট্রলারে সাগরপথে রওনা হন তিনি।
যাত্রাপথে ভূমধ্যসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা বহু অভিবাসী হতাহত ও নিখোঁজ হন। গতকাল শনিবার বিভিন্ন মাধ্যমে বায়জিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন তাঁর স্বজনেরা।
মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পরিবারে শোক নেমে আসে। প্রাণপ্রিয় সন্তান হারিয়ে বাক্রুদ্ধ হয়ে পড়েছেন বায়জিদের মা-বাবা।
নিহত বায়জিদের চাচা আল আমিন বলেন, তিন ভাই ও এক বোনের মধ্যে বায়জিদ ছিলেন দ্বিতীয়। তাঁর বড় ভাই রায়হান ইতালিতে বসবাস করেন।
আল আমিন বলেন, বায়জিদের সঙ্গে আরও দুই যুবক উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর আলুকান্দা এলাকার দালাল সোহাগ মিয়ার মাধ্যমে সৌদি আরব হয়ে লিবিয়ায় যান। তাঁদের মধ্যে একজন পুলিশের হাতে ধরা পড়ে দেশে ফিরে এসেছেন এবং অন্যজন সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন।
আল আমিন আরও বলেন, ‘আমার ভাতিজা ১৪ সেপ্টেম্বর গ্রিসের উদ্দেশে সাগরপথে ট্রলারে যাত্রা করে। ওই দিন রাত ১১টার দিকে ট্রলারডুবির ঘটনায় অনেকের সঙ্গে বায়জিদও নিখোঁজ হয়। আমরা এখনো তার মরদেহের সন্ধান পাইনি। তবে দালালের মাধ্যমেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা চাই, সরকার উদ্যোগী হয়ে বায়জিদের মরদেহ দেশে ফিরিয়ে আনুক।’
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে লিবিয়াগামী ট্রলারডুবিতে বায়জিদ নামের এক যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। নিহত বায়জিদের পরিবার মরদেহ দেশে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার তুহিনসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে কুমিল্লার আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৬ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামের কক্ষে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সময় বাসায় কে কে ছিলেন, তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে থানায়...
৮ মিনিট আগে
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি...
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন আহত জামায়াত নেতা আব্দুস সবুর শেখের স্ত্রী শোহর বানু।
৩০ মিনিট আগে