ইয়াবাসহ আটক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা: বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

নিকলীতে ইয়াবাসহ আটক এক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয়সহ (২৭) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন শাহরুখ (২৭) ও হিমেল (২৭)। অক্ষয় নিকলী সদরের খালিসাহাটি গ্রামের বাহার উদ্দিনের ছেলে। শাহরুখ ও হিমেল একই উপজেলার পুকুরপাড় গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিকলী সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার টাকাসহ শাকিল (২২) নামের এক যুবককে হাতে-নাতে আটক করা হয়।
আটকের খবর পেয়ে অক্ষয়ের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল ঘটনাস্থলে আসে বলে পুলিশ জানিয়েছে। দলটি পুলিশকে চারদিক থেকে ঘিরে হইচই শুরু করে। একপর্যায়ে পুলিশের কাজে বাধা দিয়ে ধাক্কাধাক্কি করে শাকিলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে পুলিশ সদস্যদের দৃঢ় অবস্থানের কারণে চেষ্টা ব্যর্থ হয়।
ঘটনায় নিকলী থানার উপপরিদর্শক তুষার বাদী হয়ে অক্ষয়সহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন। আজ মঙ্গলবার ভোরে বড় তালাবপাড় গ্রামের শ্বশুরবাড়ি থেকে অক্ষয়কে এবং নিজ নিজ বাড়ি থেকে শাহরুখ ও হিমেলকে গ্রেপ্তার করে পুলিশ।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।









