দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের ৫ রুট নির্ধারণ

সনাতন ধর্মাবলম্বীদের রাসপূর্ণিমা পূজা উপলক্ষে দুবলার চরে যেতে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য পাঁচটি পথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। খুলনার আঞ্চলিক তথ্য অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
রাসপূর্ণিমা উপলক্ষে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলার চরে শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ‘রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত পাঁচটি পথের প্রথমটি হলো বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলা নদী-বল নদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর। দ্বিতীয়টি কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা; অতঃপর শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর। তৃতীয় পথ হলো নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর। চতুর্থ পথ হলো ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ-বরাবর পশুর নদী হয়ে দুবলার চর এবং অনুমোদিত পঞ্চম পথ হলো বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।
এতে আরও বলা হয়, পূজা ও পুণ্যস্নানে আগত তীর্থযাত্রীদের বিভিন্ন নদীপথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাযোগে যেতে হবে। যাতায়াত পথে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা আরম্ভ করতে হবে। রাসপূর্ণিমা পুণ্যস্নানের উদ্দেশে নৌযান নির্ধারিত রুটে শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। ট্রলারে প্রয়োজনীয়সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া সংরক্ষণ করতে হবে।









