‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নাই’

‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নাই। আগে এই নদীতে মাছ পড়ত। এখন শুধু আমরা খেওয়া (খেয়া) চালাইয়েই বেঁচে আছি। নদী বাঁচানোর জন্যি এইখানে আইছি। নদীতে ভালো পানি চাই, বেশি বেশি মাছ চাই। যাতে কাম কইরে বাঁচতে পারি। লেহাপড়া জানি না, কিন্তু কষ্ট তো বুঝি।’ কথাগুলো বলছিলেন খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটের নৌকার মাঝি পারভেজ হাওলাদার (২৮)।
নদী ও উপকূল বাঁচানোর দাবিতে নৌকায় মানববন্ধনে অংশ নিয়েছিলেন পারভেজ। তাঁর মতোই শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন ব্যতিক্রমী এ কর্মসূচিতে। নৌকার ওপর তাঁদের সাজানো খালি মাটির কলস, ব্যানার ও প্ল্যাকার্ডে উঠে আসে উপকূলের মানুষের পানির সংকট, নদীভাঙন, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের দুর্ভোগ।
আজ রোববার দুপুরে খুলনার ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে ক্লাইমেট অ্যাকশন ফোরাম (সিএএফ) খুলনা জেলা কমিটির উদ্যোগে এ প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়। সহযোগিতা করে বেসরকারি সংস্থা লিডার্স। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ সামনে রেখে জলবায়ু ন্যায্যতা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও উপকূলীয় মানুষের অধিকার নিশ্চিতের দাবিতে এ আয়োজন।
কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর নাব্যতা হ্রাস, লবণাক্ততা, নদীভাঙন ও ঘূর্ণিঝড় উপকূলীয় মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের মানুষ সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা এবং জীবিকার অনিশ্চয়তায় ভুগছেন। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও তাঁদের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য তা নিশ্চিত করতে হবে। এটি কোনো দান বা অনুদান নয়, বরং ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার।
ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি কৌশিক দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম মণ্ডলের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানান নারী নেত্রী সিলভি হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা, সাংবাদিক আনিসুর রহমান কবির, হুমায়ূন কবির, তরুণ নেতা তাসমিন জেরিন এবং লিডার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আয়োজকেরা জানান, নদী বাংলাদেশের জীবন, জীবিকা ও পরিবেশের অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু জলবায়ু পরিবর্তন, পলি জমা ও অপরিকল্পিত নদী ব্যবস্থাপনায় নদীগুলো ক্রমেই নাব্যতা হারাচ্ছে। এতে মৎস্যসম্পদ, কৃষি, নৌ-চলাচল ও নদীনির্ভর মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কর্মসূচিতে ব্যবহৃত খালি মাটির কলস ছিল উপকূলের মানুষের সুপেয় পানির সংকট ও দীর্ঘদিনের বঞ্চনার প্রতীক। আয়োজকদের ভাষায়, চারদিকে পানি থাকলেও উপকূলের মানুষের পানযোগ্য পানির অভাব মেটে না। নদীর বুকে দাঁড়িয়েও তাঁদের পানির সংকটের কথা বলতে হচ্ছে। আর নৌকাটি ছিল নদীনির্ভর মানুষের জীবন, জীবিকা ও অস্তিত্বের প্রতীক।









