Ajker Patrika

বরের বয়স ১৮, কনের ১৬ বছর করাসহ ১০ দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের

নিজস্ব প্রতিবেদক, খুলনা
বরের বয়স ১৮, কনের ১৬ বছর করাসহ ১০ দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের
১০ দাবিতে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি খুলনা জেলা শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ছবি: আজকের পত্রিকা

দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি বাড়ানো, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং বরের বয়স ১৮ ও কনের ১৬ বছর করাসহ ১০ দফা দাবি জানিয়েছে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি খুলনা জেলা শাখা।

আজ রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় সংগঠনটি। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সমিতির নেতারা।

সংগঠনের সভাপতি মো. সাইফুল হাসান, নির্বাহী সভাপতি এ এইচ এম জিনাত আলী ও সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র অবসর পর্যন্ত বহাল রাখা। নির্দিষ্ট অবসরকালীন ভাতা না থাকায় তাঁদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

এ ছাড়া কোনো নিকাহ্ রেজিস্ট্রার অবসরে গেলে তাঁর পুত্রকে অগ্রাধিকারভিত্তিতে নিয়োগ, বরের বিয়ের বয়স ১৮ বছর এবং কনের বয়স ১৬ বছর নির্ধারণ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ্ রেজিস্ট্রারদের অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।

নিজস্ব খরচে অফিস পরিচালনার জন্য সহকারী নিয়োগের অনুমতি দেওয়ার পাশাপাশি বিবাহ নিবন্ধন ফি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বাল্যবিবাহ বন্ধে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পাদন ও বিবাহসংক্রান্ত হলফনামা বন্ধেরও দাবি রয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে থাকা নাম-ঠিকানার সঙ্গে মিল রেখে অনলাইনে বিবাহ ও তালাকনামার তথ্য সংশোধনের বিধান চালুর প্রস্তাব করা হয়েছে।

কর্মসূচিতে কাজী জাকারিয়া আকন্দ, কাজী মুহাম্মদ আব্দুল গফুর, কাজী সাদিকুল ইসলাম, কাজী দ্বীন মুহাম্মদ, কাজী আব্দুল কাদির ও কাজী কবির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত