মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামে শনিবার রাতে প্রতিপক্ষ গ্রুপের হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে।
স্থানীয় তালখড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার অভিযোগ করেন, শনিবার রাত ৯টার দিকে ছয়টি মটরসাইকেলযোগে ১১ জন স্থানীয় চতুড়বাড়িয়া বাজার থেকে নিজ গ্রাম কুশখালিতে ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালখালী এলাকায় পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় তালখড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নাসহ তার লোকজন গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাদের প্রত্যেককে এলোপাতারি কোপাতে থাকে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। এলাকাবাসী তাদের যশোর সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকরা অহিদুজ্জামানকে (৪৫) মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা চলছে।
এদিকে কুশখালির স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের সঙ্গে গোলাম সারোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম জানান, সহিংসতা এড়াতে ঘটনাস্থল এবং তার আশেপাশের এলাকায় পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে আটক করা হয়েছে।










