খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক মাছের ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত তরিকুলের বাবা আব্দুস সালাম শেখ ডুমুরিয়ার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে বসেছিলেন তরিকুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা তরিকুলের পূর্বপরিচিত। দোকানে ঢুকে তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর তাঁদের একজন তরিকুলকে সিগারেট দিতে যান। তরিকুল সিগারেট নেওয়ার সময় একজন তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুপুরে এ হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় দোকানপাটও বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডুমুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।








