
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চুরির অভিযোগে এক যুবককে (২৮) গ্রাম্য সালিসে নাকে খত দেওয়ানো হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের পল্লিচিকিৎসক এনামুলের বাড়িতে চুরির অভিযোগ তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালিসের মাতব্বররা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার রাতে কালীশংকরপুর গ্রামের এনামুলের গরু চুরি করতে প্রবেশের অভিযোগে গতকাল বিকেলে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিস বসানো হয়। সালিসে ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ কয়েক শ লোক উপস্থিত ছিলেন। সালিসে অভিযোগ তোলা হয়, শুক্রবার রাতে এনামুলের বাড়ির পাশে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে এনামুলের ছেলে ইমরান। ইমরানের অভিযোগের ভিত্তিতে ওই যুবক ও তাঁর বাবাকে পরদিন জোরপূর্বক সালিসে হাজির করা হয়।
ভিডিওতে দেখা যায়, সালিসে মাতব্বরদের একজন সাদা শার্ট ও লুঙ্গি পরে ওই যুবকের ঘাড় মাটির সঙ্গে চেপে ধরে প্রায় ২০ ফুট নাকে খত দেওয়ান। পরে কান ধরে ওঠবস করিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘এই ছেলে চোর। আওয়ামী লীগের সময় থেকেই তার চুরির অভিযোগ আছে। গ্রামের লোক এই ছেলেকে ধরে মারধর করে হাত কেটে দিতে চাচ্ছিল। এই কারণে আমি উপস্থিত থেকে তাকে সালিসে নাকে খত দিয়ে সতর্ক করে দিয়েছি। এর পরেও সে এমন কাজ করলে তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’
ওই যুবকের বাবার দাবি, চুরি করে চলতে হবে—এমন অভাব তাঁর সংসারে নেই। তাঁরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখেছি। এটা খুবই অন্যায় কাজ করেছে। কেউ যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। কিন্তু সালিসে কেউ আইন হাতে তুলে নিলে তারাও অপরাধী হবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেব।’

আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ৩২ সেকেন্ডের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
৭ মিনিট আগে
সিএনজিচালিত অটোরিকশাগুলো ২০০ টাকার ভাড়া ৬০০ টাকা হাঁকাচ্ছে। ভাড়া বেশি ও ভোগান্তি সত্ত্বেও বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। তাঁরা জানান, ভোটের মাধ্যমে দেশে শান্তি ফিরে আসার প্রত্যাশা তাঁদের।
৯ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে সুশেন চন্দ্র সরকার (৬২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
রাজশাহীতে পৃথক অভিযানে ২৪টি ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে র্যাব। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে