Ajker Patrika

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির অফিস, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন

আরিফ রহমান, ঝালকাঠি
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২২: ০০
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির অফিস, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন
ভবনটির তৃতীয় তলায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ভবনটির ওই তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল বলে দাবি করেছেন মালিকের ছেলে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

গতকাল বুধবার ঝালকাঠি শহরের ৭ নম্বর কোর্ট রোডের ভবনটিতে এনসিপির কার্যালয় উদ্বোধন করা হয়। একই সঙ্গে সেখানে দলীয় সাইনবোর্ড টাঙিয়ে কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা মিতু। বিশেষ অতিথি ছিলেন শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এইচ এম জাকির হোসেন। এ ছাড়া দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভবনমালিক লিয়াকত আলী তালুকদারের ছেলে মো. মিঠু তালুকদারের দাবি, কয়েক বছর আগে ভবনটির তৃতীয় তলায় পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল। সেখানে তাঁর ভাই মনিরুল ইসলাম মনি বসতেন। আর ভবনের নিচতলায় দলীয় কার্যক্রম পরিচালনা করতেন তাঁর বাবা লিয়াকত আলী তালুকদার।

মিঠু বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয় বন্ধ হওয়ার পর কক্ষটি একটি বিমা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলে যাওয়ার পর আমার ছেলে সেখানে পাখি পালন করতেন। পরে কিছু আয়ের আশায় অব্যবহৃত কক্ষটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ নিয়ে ঝামেলা হবে, তা আমরা বুঝতে পারিনি।’

তবে ভবনটির তৃতীয় তলায় কখনো আওয়ামী লীগের কার্যালয় ছিল না বলে দাবি করেছেন জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল। তাঁর ভাষ্য, চলতি মাসে তাঁরা কক্ষটি ভাড়া নিয়েছেন। এর আগে সেখানে একটি বিমা প্রতিষ্ঠানের কার্যক্রম ছিল। প্রতিষ্ঠানটি চলে যাওয়ার পর সাবেক মেয়রের নাতি সেখানে পোষা প্রাণী রাখতেন।

মোস্তফা কামাল বলেন, কোনো দিন এখানে আওয়ামী লীগের কার্যালয় ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আওয়ামী লীগের আমলে সাবেক মেয়রের বাসার সামনে একটি নৌকা টাঙানো দেখেছি। যারা এসব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও মিথ্যা।

এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা মিতু জানান, তাঁরা কক্ষটি দলীয় কার্যালয়ের জন্য ভাড়া নিয়েছেন, দখল করেননি। সেখানে আগে আওয়ামী লীগের কার্যালয় ছিল কি না, তা তিনি জানেন না।

এদিকে এনসিপির কার্যালয় উদ্বোধনের পর ভবনমালিকের রাজনৈতিক পরিচয় এবং ভবনটির আগের ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ফেসবুকে সাঈদ আহমেদ নামের এক ব্যক্তি লিখেছেন, ভবনটির তৃতীয় তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল এবং সেটি উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, লিয়াকত আলী তালুকদার বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। তাঁদের ধারণা, এনসিপিকে ভবন ভাড়া দেওয়ার মধ্য দিয়ে লিয়াকত আলী নিজের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত করার চেষ্টা করছেন।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত