Ajker Patrika

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

বেনাপোল (যশোর) প্রতিনিধি 
পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন
আজ সকালে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে বিজিবির জোরদার টহল কার্যক্রম দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

ভারত থেকে সম্ভাব্য পুশ ইন ঠেকাতে যশোরের বেনাপোল সীমান্তে নতুন করে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে বিজিবির জোরদার টহল কার্যক্রম দেখা যায়। এ সময় সীমান্তের বিভিন্ন স্থানে স্থানীয় লোকজনকেও বিজিবির সঙ্গে সহযোগিতা করতে দেখা গেছে।

এর আগে গত ৩১ মে রাতে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক নারী ও শিশুকে বাংলাদেশি দাবি করে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজান হোসেন বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, সীমান্তের ওপারে বিভিন্ন হোল্ডিং সেন্টারে লোকজন জড়ো করা হয়েছে। পুশ ইনের আশঙ্কা বিবেচনায় নিয়ে নতুন নির্দেশনার আলোকে আগের তুলনায় প্রায় দেড় গুণ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।’

তিনি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী ২৬ জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুর।

সীমান্ত সূত্রের দাবি, পুশ ইনের উদ্দেশ্যে সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় নারী, পুরুষ ও শিশুদের জড়ো করছে বিএসএফ। অনেক ক্ষেত্রে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হলে তাঁদের আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে বেশ কিছু মানুষ সীমান্ত এলাকায় অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবন যাপন করছেন বলেও সূত্রটি জানিয়েছে।

উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৪৮৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে এবং বাকি অংশ ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসাম রাজ্যের সঙ্গে যুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত