Ajker Patrika

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৬: ২০
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে যশোর সদরে ১৭ জন, চৌগাছায় ২ জন, মনিরামপুরে ৩ জন, শার্শায় ২ জন, অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন এবং ঝিকরগাছা উপজেলায় ২ জন রয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এবং অন্যদের ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, গতকাল রোববার ভোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে যশোর সদরে নিষিদ্ধ যুবলীগের একটি মিছিল বের করা হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন বলে সূত্রটি দাবি করেছে।

মিছিলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শহরের লালদিঘি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি মাইকপট্টি প্রদক্ষিণ করে। পুলিশের ওই সূত্রের দাবি, মিছিলটির নেতৃত্ব দেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যুবলীগকর্মী শেখ শহিদ। এ ঘটনায় সোমবার শেখ শহিদসহ সন্দেহভাজন ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত