Ajker Patrika

শেখ হাসিনা ফিরুক, আমরা বরণ করতে প্রস্তুত: এস এম জিলানী

­যশোর প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০: ৩০
শেখ হাসিনা ফিরুক, আমরা বরণ করতে প্রস্তুত: এস এম জিলানী
গতকাল সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণসমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য এস এম জিলানী। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘শেখ হাসিনা দেশে ফিরুক, তাঁকে বরণ করতে আমরাও প্রস্তুত।’ গতকাল শনিবার সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এস এম জিলানী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছি ফ্যাসিবাদ শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন আলোচনা চলছে। আমরা চাই, তিনি দেশে ফিরুক। তাঁকে স্বাগত জানাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অপেক্ষায় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আপনি কোন দিক দিয়ে আসবেন, একটু জানিয়ে আসবেন। ৫ আগস্ট আপনাকে বরণ করা সম্ভব হয়নি। এবার যে পথ দিয়েই আসবেন, সেই পথেই বরণ করা হবে। আমরা সত্যিকার অর্থেই বরণ করতে প্রস্তুত—যদি আপনার সাহস থাকে।’

শেখ হাসিনার নির্বাচন প্রসঙ্গে এস এম জিলানী বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ-এটাই সত্য। তাঁর পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তাঁর অধ্যায়ের সমাপ্তি হয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি শেখ হাসিনার মতো ভোট ডাকাতিতে বিশ্বাস করে না।’

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘জনগণ যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, একইভাবে তাঁর সব অন্যায়-অপকর্মের বিচার নিশ্চিত হবে। শুধু শেখ হাসিনা নয়, তাঁর সহযোগীদেরও যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের অঙ্গীকার ছিল জবাবদিহিমূলক, বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠন করা। সেই লক্ষ্যেই কাজ চলছে।’

বিএনপিকে হুমকি দেওয়া প্রসঙ্গে নার্গিস বেগম বলেন, ‘বিএনপিকে হুমকি দিয়ে লাভ নেই। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষার জন্য। আমরা সব সংকট মোকাবিলা করতে জানি।’

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগরসহ অন্যরা।

এর আগে যশোরের আট উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ এলাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত