Ajker Patrika

যমুনায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড, ৭০ কেজি ইলিশ গেল এতিমখানায়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
যমুনায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড, ৭০ কেজি ইলিশ গেল এতিমখানায়
প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা ৭০ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার পাটাধোয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ও খলিম উদ্দিন এবং মোল্লারচর গ্রামের শামীম ও রহিম মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে মঙ্গলবার দুপুরে উপজেলার সানন্দবাড়ী, পাটাধোয়াপাড়া ও মোল্লারচর এলাকার যমুনা নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অংশ নেন।

অভিযান চলাকালে নদীতে ইলিশ শিকারের সময় চার জেলেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

দেওয়ানগঞ্জের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক চার জেলেকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা ৭০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত