
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌতুক দাবিতে স্ত্রী বর্ণা খানমকে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারের বিরুদ্ধে। বর্ণার মায়ের লিখিত অভিযোগের পর গতকাল সোমবার বিকেলে পুলিশ বর্ণাকে উদ্ধার করে তাঁর মায়ের জিম্মায় দিয়েছে।
অভিযুক্ত সাহেদ তালুকদার (২৩) টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের হেদায়েত শেখের ছেলে। লিখিত অভিযোগে তাঁর বাবার নাম হেদায়েত তালুকদার উল্লেখ করা হয়েছে।
সাহেদ ও তাঁর মা-বাবার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন বর্ণার মা জেসমিন বেগম।
লিখিত অভিযোগে বলা হয়, প্রেমের সম্পর্কের সূত্রে ২০২৫ সালের ২৬ মে গোপালগঞ্জ আদালতের নোটারি পাবলিকের মাধ্যমে সাহেদ তালুকদারের সঙ্গে লেবুতলা গ্রামের মৃত আনসার শেখের মেয়ে বর্ণা খানমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাহেদ বিভিন্ন সময় স্ত্রীর কাছে যৌতুক দাবি করতেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে সাহেদ ও তাঁর পরিবারের সদস্যরা বর্ণাকে মারধর করতেন। মেয়ের সংসারের কথা ভেবে জেসমিন বেগম বিভিন্ন সময় নগদ টাকা দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
জেসমিন বেগমের অভিযোগ, গত ২৯ আগস্ট তিনি ও তাঁর বড় মেয়ে বর্ণাকে আনতে সাহেদের বাড়িতে গেলে তাঁদের সামনে বর্ণাকে মারধর করে আটকে রাখা হয়।
জেসমিন বেগম বলেন, ‘ওরা নিজেরা কোর্ট ম্যারেজ করেছিল। বিয়ের পর থেকেই জামাই কথায় কথায় টাকা দাবি করে। আগে অনেক টাকা-পয়সা দিয়েছি, কিন্তু এখন আর দিতে পারি না। টাকা না পেলেই আমার মেয়েকে মারধর করে। মেয়েকে আনতে গেলে আমাকেও গালাগালি করে বাড়ি থেকে বের করে দেয়। এসব কারণে যদি আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, তাহলে সে দায় কে নেবে? আমি আর ওর কাছে মেয়ে দেব না।’
বর্ণা খানম বলেন, ‘বিয়ের পর থেকেই সাহেদ সব সময় আমার কাছে টাকা-পয়সা চাইত। এমনকি আমার বাবার বাড়ি থেকেও অনেকবার টাকা চুরি করেছে। সাহেদ নিয়মিত নেশা করে আমাকে মারধর করে। আর তার মা মাসুলা বেগম এসব কাজে সায় দেয়। কোনো কাজ না করে শুধু টাকা চায়, আর না দিলে বিএনপির দলীয় পদের পাওয়ার দেখায়। কয়েক দিন আগেও আমার মা ও বড় বোনের সামনে আমাকে বেধড়ক মারধর করে আটকে রেখেছে। আমি ওর সঙ্গে সংসার করতে চাই না।’
বর্ণার বড় বোন কল্পনা খানম বলেন, ‘মা আর আমি ছোট বোন বর্ণাকে আনতে গেলে তাকে মারধর করে আটকে রাখে সাহেদ। আর চরম খারাপ ব্যবহার করে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে বাধ্য হয়ে আমার মা টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করে। তখন পুলিশ গিয়ে আমার বোনকে উদ্ধার করে মায়ের জিম্মায় দিয়ে যায়।’
অভিযোগ অস্বীকার করে সাহেদ তালুকদার বলেন, ‘আমি কখনো শাশুড়ির কাছে যৌতুক দাবি করিনি। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ায় কখনো কখনো বেশি কথা বলেছি। তারা আমার সংসার ভাঙার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। পুলিশ এসে আমার স্ত্রীকে তার মায়ের জিম্মায় দিয়েছে। আইনি ও সামাজিকভাবে বিষয়টি মোকাবিলা করব।’
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের পর প্রাথমিকভাবে বর্ণাকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে তাঁর মা জেসমিন বেগমের জিম্মায় দেওয়া হয়েছে। তদন্ত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতা ও নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই...
৯ মিনিট আগে
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবার পিছিয়ে আগামী বছর ১১ জানুয়ারি ধার্য করা হয়েছে।
১০ মিনিট আগে
ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর নিয়োগ ফলাফল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নাচোল ও কসবা ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। ক্ষমতাচ্যুত সরকার পুরো ১৭ বছর দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।
২৬ মিনিট আগে