
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
ওসি জানান, শ্রীপুর থানায় বিকাশের ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর মালিক মো. মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। ছিনতাই হওয়া টাকার পরিমাণ ২ কোটি ৩০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় বিকাশের ডিস্ট্রিবিউটরের টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
বিকাশের ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরে বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাক কারখানার কর্মীদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ ৪ কোটি টাকা প্রাইভেটকারে করে মাওনা চৌরাস্তার কার্যালয়ে আনা হচ্ছিল।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাইভেটকারটি শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির পথরোধ করে। এ সময় তারা পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাইভেটকারের পেছনের অংশে রাখা তিনটি প্লাস্টিকের বস্তায় ৪ কোটি টাকা ছিল। সেখান থেকে দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রথমে ধারণা করা হয়েছিল, প্রায় ৩ কোটি টাকা ছিনতাই হয়েছে। পরে প্রাইভেটকারে থাকা বস্তার টাকা গণনা করে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। এতে ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩০ লাখ টাকা।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের শনাক্তে শ্রীপুর থানা-পুলিশ, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ, এসআরবি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে