Ajker Patrika

পিচ্চি রাজা পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্য ও বোনের চার দিনের রিমান্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৫: ০৪
পিচ্চি রাজা পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্য ও বোনের চার দিনের রিমান্ড
প্রিজনভ্যান থেকে পালানো আসামি রাজা ওরফে পিচ্চি রাজা। ছবি: সংগৃহীত

গাজীপুরে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজা প্রিজন ভ্যান থেকে পালানোর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য ও তাঁর বোনকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমা।

এর আগে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ২৯ জন আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে ফিরছিল। পথে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে শৌচাগারে যাওয়ার কথা বলে পিচ্চি রাজা ভ্যান থেকে পালিয়ে যান বলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দাবি করেন।

তবে মামলার তদন্তে ওই বক্তব্যের সঙ্গে ঘটনার বাস্তবতার মিল পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্তে পিচ্চি রাজাকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগের তথ্য উঠে এসেছে বলে জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত