
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের ধাওয়ার মুখে অটোরিকশা নিয়ে জঙ্গলে ঢোকার পর এক চালক অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ওয়ালটন কারখানাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম আলম মিয়া (৪৫)। তিনি উপজেলার মৌচাক ইউনিয়নের মাঝুখান এলাকার ফজলুল হকের ছেলে।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে প্রতিবেশী জামালের স্ত্রীকে আনতে অটোরিকশা নিয়ে উপজেলার জালশুকা এলাকায় যান আলম। বিকেলে ওই নারীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বেলা সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার সামনে পৌঁছালে নাওজোর হাইওয়ে থানার একটি টহল দল অটোরিকশাটি থামার সংকেত দেয়।
পুলিশের ভয়ে আলম অটোরিকশাটি নিয়ে মহাসড়কের পাশের জঙ্গলে ঢুকে পড়েন। পরে পুলিশ ও তাঁদের সঙ্গে থাকা লোকজন সেখানে গিয়ে অটোরিকশাটি আটক করেন। এ সময় আলম ও তাঁর সঙ্গে থাকা ওই নারী অটোরিকশাটি ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন। একপর্যায়ে আলম অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।
নিহতের পরিবারের অভিযোগ, আলম অসুস্থ হয়ে পড়ে গেলেও পুলিশ তাঁকে হাসপাতালে না নিয়ে অটোরিকশাটি নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের থ্রি-হুইলার চলাচল করলেও পুলিশ নিয়মিত টাকা নিয়ে সেগুলো চলতে দেয়। যেসব অটোরিকশা টাকা দেয় না, সেগুলো আটক করে জরিমানা আদায় করা হয়। আলম নিয়মিত মহাসড়কে অটোরিকশা চালাতেন না। প্রতিবেশীর স্ত্রীকে আনতে গিয়ে পুলিশের ধাওয়ার মুখে পড়েন তিনি। অটোরিকশা আটকের সময় অসুস্থ হয়ে পড়লেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়নি।
এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
অভিযোগের বিষয়ে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, ‘উল্টো পথে আসায় অটোরিকশাটি আটক করা হয়েছিল। আমরা পরবর্তীকালে জানতে পেরেছি, চালক স্ট্রোক করে মারা গেছেন।’

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির ময়নাতদন্ত আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত ও ভারতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় রয়েছেন নিহতদের স্বজন ও সহকর্মীরা।
৫ মিনিট আগে
মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বুধবার দীপু মনির মেয়ে তানি দিপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর হয়।
১৪ মিনিট আগে
মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি মো. শামীম রেজাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাত ৮টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর (বাজারপাড়া) গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান...
৩৭ মিনিট আগে
চেয়ারম্যানের ভাষ্য, পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ওই বাড়িতে অনেক লোকের সমাগম হয়েছে। পরে অভিযুক্ত নারী ও যুবকের সঙ্গে কথা বললে তাঁরা প্রায় ১৮ মাস ধরে একে অপরের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। ওই যুবক বিয়েতে রাজি হলেও নারী এতে রাজি ছিলেন না বলে দাবি করেন চেয়ারম্যান।
১ ঘণ্টা আগে