Ajker Patrika

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ০৮ জুন ২০২৬, ২০: ৪৬
চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা
যুবদল নেতা সাব্বির আহমেদ শামীম। ছবি: সংগৃহীত

এক খণ্ড জমি কিনে স্থাপনা নির্মাণ করছিলেন টাইলস ব্যবসায়ী নূরুদ্দিন খন্দকার খোকন। এতে বাধা হয়ে দাঁড়ান যুবদল নেতা সাব্বির আহমেদ শামীম। ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদলের এই নেতা। পরে তাঁকে স্থানীয় বাসিন্দারা আটক করে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। একপর্যায়ে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

আজ সোমবার সকালে গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির আহমেদ শামীম রুদ্রপুর গ্রামের আরফান আলীর ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় বাসিন্দারা জানান, টাইলস ব্যবসায়ী নূরুদ্দিন খন্দকার খোকনের কেনা জমিতে বালু ভরাট ও স্থাপনার কাজ চলছিল। এ সময় সাব্বির আহমেদ শামীম সেখানে গিয়ে কাজ বন্ধ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় জমির মালিক নূরুদ্দিন খন্দকার খোকন জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, ১১ দশমিক ৫৫ শতাংশ জমির বৈধ মালিক তিনি। দীর্ঘদিন ধরে জমিটির ভোগদখলেও রয়েছেন।

গতকাল রোববার বিকেলে জমিতে বালু ভরাটের কাজ চলাকালে সাব্বির আহমেদ শামীম ও তাঁর কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা খোকনকে প্রাণনাশের হুমকি দেন এবং টাকা না দিলে জমিতে কোনো ধরনের উন্নয়নকাজ করতে দেওয়া হবে না বলে জানান।

আজ সকালে পুনরায় কাজ শুরু হলে শামীম ও তাঁর সহযোগীরা আবারও ঘটনাস্থলে এসে চাঁদা দাবি করেন। একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা খোকনের ওপর হামলা চালান।

এতে খোকনের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় বাসিন্দারা শামীমকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখেন। তবে সাব্বির আহমেদ শামীম অভিযোগ অস্বীকার করে বলেন, বালু ভরাটের কাজ তাঁদের জমির ওপর দিয়ে পরিচালিত হচ্ছিল। সে কারণে তিনি বাধা দিয়েছেন। চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।

ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কর বলেন, অভিযুক্ত শামীমকে উদ্ধারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করেছেন নূরুদ্দিন খন্দকার খোকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত