
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা কবির খাঁকে (৫২) আবার গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দোহার থানা-পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে চরভদ্রাসন থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় কবির খাঁ ওই এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। তিনি চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেহপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলারও প্রধান আসামি করা হয়েছে তাঁকে।
থানা-পুলিশ জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পদ্মা নদীর চরবেষ্টিত দুর্গম চরশালেহপুর এলাকার পূর্ব মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে ছদ্মবেশে কবির খাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ছিনিয়ে নেন। এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে তাঁরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এই ঘটনায় ওই দিন রাতেই আহত উপপরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় মামলা করেন। মামলায় রাতেই শেখ আলমগীর (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কবির খাঁকে গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর সমর্থকেরা রামদা, লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম নিয়ে পুলিশের ওপর হামলা চালান এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় বাদীর ডান হাতে গুরুতর জখম হয়। পাশাপাশি কর্তব্যরত পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হক খান বলেন, গ্রেপ্তারের পর বেলা ৩টার দিকে কবির খাঁকে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সম্প্রতি কবির খাঁর বিরুদ্ধে চর এলাকার শতাধিক মানুষের ভুট্টাখেত ও জমি দখলের অভিযোগ তুলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেন, গত ১৫ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চর এলাকায় আধিপত্য বিস্তার করেছেন তিনি। এর প্রতিবাদ করতে গেলে একাধিকবার হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১৪ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও আনসার সদস্যরা আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
২০ মিনিট আগে
যশোরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আজ রোববার মামলাটি দায়ের করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম।
৩৫ মিনিট আগে