
দিনাজপুর পৌর এলাকার কালিতলায় একটি বসতবাড়িতে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার বেলা ৩টার দিকে দিনাজপুর শহরের কালিতলায় মাহবুব রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—দিনাজপুর সদর উপজেলার মাজাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ উদ্দিন (২০), গৃহকর্তা মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার (৪৫), প্রতিবেশী নরেশ চন্দ্রের ছেলে মলয় চন্দ্র (৩০), সাল্লুর স্ত্রী আমিদা রানী (৪৬), কামরুদ্দিনের ছেলে শাহজাহান কবির (৬০), সাবেক কমিশনার মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন আক্তার (৪৫) ও তাঁদের ছেলে স্বচ্ছ (১৩) এবং প্রাইভেট শিক্ষক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব (২৬)। সজীব রংপুরের মিঠাপুকুর উপজেলার আনোয়ারুল ইসলামের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে এবং তাঁর শ্বাসনালীও দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ সজীব বলেন, দোকান থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার মাহবুবের বাসায় আনা হয়। সংযোগ দেওয়ার পর থেকেই লিকেজ দেখা যায়। লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করছিলেন। একপর্যায়ে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় রিয়াজ উদ্দিন লিকেজ বন্ধ করতে রান্নাঘরে যান। তখনই বিস্ফোরণ ঘটে। আগুনের হলকা আশপাশের লোকজনের গায়েও লাগে। এতে পাশেই দাঁড়িয়ে থাকা রুবিনা আক্তারসহ আটজন দগ্ধ হন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক ইসরাত রূপালী ও চিকিৎসক নেন্সি জানান, দগ্ধ আটজন নারী-পুরুষ ও এক কিশোর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে রিয়াজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম বলেন, ‘বেলা ৩টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গুরুতর আহত দুজনকে আগেই হাসপাতালে পাঠানো হয়। আমরা রান্নাঘরে গিয়ে চুলা ও সিলিন্ডারে আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলি। বিস্ফোরণে রান্নাঘরের টিনশেড ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত সিলিন্ডার সঠিকভাবে বসানো না হওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে।’

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
২ ঘণ্টা আগে