Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফুলবাড়ীতে ৭ ফার্মেসিকে জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফুলবাড়ীতে ৭ ফার্মেসিকে জরিমানা
পৌর শহরের বিভিন্ন ফার্মেসি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে সাতটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে আরও দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন ফার্মেসি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মকছেদুল আমিন, ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. বাদল মিয়া, থানা-পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে পৌর শহরের লাইফ কেয়ার ফার্মেসিকে দুই হাজার, সাগির ফার্মেসিকে দুই হাজার, খোতেজা ফার্মেসিকে দুই হাজার, ভাই ভাই ফার্মেসিকে দুই হাজার, নিমাই ফার্মেসিকে তিন হাজার, কাজি ফার্মেসিকে দুই হাজার এবং জীবন ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শহরের ডুঙ্গির হোটেলে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণের দায়ে মালিক উজ্জ্বল মহন্তকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মুদি দোকানি আশরাফুলকেও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, অভিযানে ফার্মেসিগুলোতে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রবণতা দেখা গেছে। এ কারণে জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করতে ফার্মেসির মালিকদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া খাবারের হোটেল ও মুদি দোকানেও অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত