
মানুষ শখের বশে কত কিছুই না করে! তবে সেই শখ যদি হয় ব্যতিক্রম, তাহলে তা নিঃসন্দেহে কৌতূহলের জন্ম দেয়। তেমনই ব্যতিক্রম এক শখ থেকে নখের প্রতি ভালোবাসা জন্মে অরুণ কুমার সরকারের (৪০)। আর সেই ভালোবাসাকে চিরস্থায়ী রূপ দিতে ৩৩ বছর ধরে বাঁ হাতের নখ কাটেননি তিনি। এতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য, আর অরুণ হয়ে উঠেছেন এক দর্শনীয় ব্যক্তি।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অরুণ। বাবা রবীন্দ্রনাথ সরকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। জানা গেছে, ১৯৯৩ সালে চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে কয়েক সপ্তাহ নখ না কাটায় শিক্ষক তাঁকে নখ কাটার নির্দেশ দেন। কিন্তু কৌতূহলবশত অরুণ নখ আর না কেটে বড় করতে থাকেন। একপর্যায়ে সেই নখের প্রতি মায়া জন্মে যায় তাঁর। শুরু হয় দীর্ঘ নখ রাখার যাত্রা।
বর্তমানে অরুণের বাঁ হাতের আঙুলগুলোর নখের দৈর্ঘ্য হলো:
অনামিকা: ১৫ ইঞ্চি
কনিষ্ঠা: ১৩ ইঞ্চি
মধ্যমা: ১১ ইঞ্চি
তর্জনী: ২ ইঞ্চি
বৃদ্ধাঙ্গুল: দেড় ইঞ্চি
অরুণের এই নখ দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ভিড় করে। কেউ কেউ ছবি তুলে নিয়ে যান স্মৃতিস্বরূপ।
প্রতিবেশী মাসুদ রানা, রেজাউল করিম ও পার্থ মণ্ডল বলেন, ‘অরুণ দীর্ঘদিন ধরে নখ রেখে আসছেন। দেখতে ভালোই লাগে। এটা সবার পক্ষে সম্ভব নয়, অনেক ধৈর্য আর সাধনার ব্যাপার।’
অরুণ জানান, প্রথম দিকে পরিবার থেকে আপত্তি এলেও সময়ের সঙ্গে সঙ্গে সবাই তা মেনে নিয়েছেন। ২০০৩ সালে বিয়ের পর তাঁর দুই সন্তান হয়। বর্তমানে তিনি ‘কান্না ডিজিটাল ফটো স্টুডিও’ নামে একটি দোকান চালান, যেখানে বিকাশ, ফ্লেক্সিলোড ও ছবি তোলার সেবা দেন। তাঁর দাবি, নখ বড় হলেও কোনো কাজেই অসুবিধা হয় না।
অরুণ বলেন, ‘নখের প্রতি ভালোবাসা এমন যে কাটার কথা ভাবতেই পারি না। যদি ভেঙে যায়, খুব কষ্ট পাই।’
তবে নখ রাখা স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী—এই প্রশ্নে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর বলেন, ‘দীর্ঘদিন নখ রাখা ঠিক নয়। এতে ময়লা জমে সংক্রমণ হতে পারে। নখ উঁচু হয়ে আঙুলের ক্ষতিও করতে পারে। এ ধরনের শখ থেকে বিরত থাকাই ভালো।’

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)।
২৩ মিনিট আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
২ ঘণ্টা আগে