দিনাজপুরে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে পিটুনিতে শিক্ষক নিহত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধ মীমাংসা করতে গিয়ে পিটুনিতে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামান (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ঘটনাস্থল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, দুপুরে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর নয়া মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন রায় (৫৫) চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে স্থানীয় আজিজুল মাস্টারের বসতবাড়িসংলগ্ন রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামানের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। আজ দুপুরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসা করতে ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়। এ সময় আসাদুজ্জামান ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন মনোরঞ্জন রায়কে আঘাত করলে তিনি পাশের ধানখেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে পার্বতীপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আসাদুজ্জামান নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









