Ajker Patrika

ফুলবাড়ীতে বউ মেলায় ক্রেতা শুধু নারী, ঢুকতে পারেননি পুরুষেরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২০: ২৫
ফুলবাড়ীতে বউ মেলায় ক্রেতা শুধু নারী, ঢুকতে পারেননি পুরুষেরা
ফুলবাড়ীতে বউ মেলায় নারী-শিশুদের উপচে পড়া ভিড়। ছবি: আজকের পত্রিকা

রেশমি চুড়ি, আলতা, চিরুনি, হাঁড়ি-পাতিল, খুন্তি-কড়াই, পানের বাটা, খেলনা, মিষ্টান্নসহ কী নেই এখানে। হরেক রকম পণ্যের পসরা মেলা চত্বরে। ক্রেতা ও দর্শনার্থী সবাই নারী। মেলায় পুরুষ সদস্যের ঢোকার অনুমতি নেই।

আজ সোমবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামে এই মেলার আয়োজন করা হয়। মেলায় ক্রেতা-দর্শনার্থী কেবল নারীরাই। এ কারণে এর নামকরণ হয়েছে ‘বউ মেলা’।

প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজার পরদিন বউ মেলার আয়োজন হয়। দিনব্যাপী মেলায় নারী বিক্রেতার পাশাপাশি পুরুষ বিক্রেতা থাকতে পারেন। তবে মেলায় শুধু নারীরাই কেনাকাটা করতে পারেন। সব ধর্মের নারীরা এই মেলায় আসেন।

সকাল থেকে চলে মেলার প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকেল হতেই মেলায় শিশু থেকে শুরু করে নানা বয়সের নারী ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। মেলায় শামিয়ানা টানিয়ে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেয়েদের প্রসাধনী, ছোটদের খেলনাসামগ্রী, হস্তশিল্প, মৃৎশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবারের দোকানগুলোয় ক্রেতাদের ভিড় লেগে থাকে।

মেলায় কেনাকাটা করতে আসা তাপসী রানী ও অর্পণা রায় জানান, মেলায় শুধু নারীরাই ক্রেতা। রয়েছেন অনেক নারী বিক্রেতাও। তাই তাঁরা মেলায় স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি ও কেনাকাটা করতে পারেন। এ যেন অন্য রকম আনন্দ।

মেলার আয়োজক অশেষ রঞ্জন দাস জানান, লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতিবছর তাঁর বাড়ির খুলিতে এই বউ মেলার আয়োজন করা হয়। শত বছর আগে স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলা শুরু করেন। এর পর থেকে ৬৩ বছর ধরে বংশপরম্পরায় এই বউ মেলার আয়োজন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত