Ajker Patrika

৩৮ লাখ টাকা আত্মসাৎ: ঢাবির বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহি ২ দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
৩৮ লাখ টাকা আত্মসাৎ: ঢাবির বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহি ২ দিনের রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য (বহিষ্কৃত) মাহি চৌধুরী অর্ণব। ছবি: সংগৃহীত

ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (বহিষ্কৃত) মাহি চৌধুরী অর্ণবকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই নির্দেশ দেন।

মাহি চৌধুরীকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই মো. সাজ্জাদ হোসেন ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর উত্তর ইব্রাহিমপুর এলাকায় মাহি চৌধুরীর প্রতারণার শিকার ভুক্তভোগীরা তাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে। পরদিন মো. সামসুল হক তুষার (২৬) নামের এক ভুক্তভোগী কাফরুল থানায় মাহি চৌধুরী ও তার বাবা নাজমুল করিম চৌধুরীসহ তিনজনকে আসামি করে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১ জুন থেকে শুরু করে বিভিন্ন সময়ে ফেসবুকের একটি ‘ইনভেস্টর গ্রুপ’ এর সূত্র ধরে মাহির সঙ্গে বাদীর বড় ভাই মো. শাকিরুল ইসলাম হিমেলের পরিচয় হয়। মাহি নিজেকে একটি ক্যাটারিং ও এক্সেসরিজ ব্যবসার অংশীদার দাবি করে হিমেলকে বিনিয়োগে উৎসাহিত করেন। তার কথায় বিশ্বাস করে হিমেল বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট ও নগদে মোট ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা দেন। কিন্তু লভ্যাংশ বা মূল টাকা ফেরত না দিয়ে মাহি আত্মগোপন করেন।

গত ৪ এপ্রিল ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলে আসামিরা তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, বাদীর অভিযোগের বিষয়বস্তু একটি সংঘবদ্ধ চক্রের কাজ। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্য প্রতারক চক্রের সদস্যদের তথ্য সংগ্রহ, আত্মসাৎকৃত বিপুল পরিমাণ অর্থ কোথায় আছে বা কার মাধ্যমে লেনদেন হয়েছে তা নিশ্চিত হওয়া এবং মামলার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতাদের চিহ্নিত করার জন্য আসামির ৫ দিনের রিমান্ড প্রয়োজন।

উল্লেখ্য, মাহি চৌধুরী আটকের দিন রাত সাড়ে ১০টায় ছাত্রদলের সকল পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ কত, ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮২৩৭টি

ছেলেকে নিয়োগ দিতে সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের জালিয়াতি

যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরোতে চায় মধ্যপ্রাচ্য, আলোচনায় নতুন নিরাপত্তা মডেল

ইসলামাবাদে সাজ সাজ রব: ত্রিমাত্রিক সুরক্ষা বলয়, দুই দিনের ছুটি ও ভিসামুক্ত প্রবেশাধিকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত