ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু, ফরমের দাম ১০০ টাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। তবে নিবন্ধনের আবেদন ফরম সংগ্রহ বা জমা দিলেই সড়কে চলাচলের অনুমতি মিলবে না। নির্ধারিত নীতিমালা অনুযায়ী ই-রিকশা তৈরি করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদন বা ক্লিয়ারেন্স নিতে হবে। এরপর বিধিমালার শর্তপূরণ সাপেক্ষে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন মালিকেরা।
আজ মঙ্গলবার ই-রিকশার নিবন্ধন, চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
প্রশাসক বলেন, আজ থেকে ই-রিকশার নিবন্ধন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে এই ফরম কোনো চলাচলের অনুমতিপত্র নয়, এটি কেবল নিবন্ধনের জন্য আবেদনপত্র। আবেদনকারীদের নির্ধারিত শর্ত পূরণ ও বুয়েটের ক্লিয়ারেন্স নিয়ে আবেদন জমা দিতে হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে।
আবদুস সালাম জানান, ই-রিকশা ব্যবস্থাপনাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে ডিএসসিসি এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৫ নভেম্বর সিটি করপোরেশন ও বাংলাদেশ পুলিশের যৌথ সভায় জোন নির্ধারণ এবং অঞ্চলভিত্তিক ই-রিকশার সম্ভাব্য সংখ্যা চূড়ান্ত করা হবে।
ই-রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় নির্দিষ্ট মডেলের যান তৈরি এবং মেরামতের জন্য নির্ধারিত ওয়ার্কশপ স্থাপন করা হবে বলেও জানান প্রশাসক। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ-সংযোগে চার্জ দেওয়া বন্ধ করতে ওয়ার্ড বা থানা পর্যায়ে নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
একসঙ্গে সব ই-রিকশা বন্ধ না করে ধাপে ধাপে নিবন্ধনের আওতায় আনার কথা জানিয়ে আবদুস সালাম বলেন, সবকিছু হঠাৎ বন্ধ করে দেওয়ার চেয়ে নিয়ম ও নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে এক হাজার, দুই হাজার কিংবা ৫০০ যতগুলো ই-রিকশা শর্ত পূরণ করবে, সেগুলোকে পর্যায়ক্রমে নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে।
ডিএসসিসি জানিয়েছে, আজ থেকে নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। আবেদন ফরমের মূল্য ১০০ টাকা। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
আজ দুপুরে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে ডিএসসিসিকে ৩০০টি ওয়েস্ট বিন দিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) উদ্যোগের প্রশংসা করে আবদুস সালাম বলেন, নগর উন্নয়ন, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনে ব্যাংক, বিমা ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।









