অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত হলেই ফিরতে চান ৮২.৬ শতাংশ রোহিঙ্গা
• কক্সবাজারের ১২টি আশ্রয়শিবিরে চালানো জরিপ।
• নাগরিকত্ব ছাড়া ফিরতে রাজি মাত্র ১৯ শতাংশ।

মিয়ানমারে নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে বাংলাদেশের আশ্রয়শিবির থেকে নিজ দেশে ফিরতে চান ৮২ দশমিক ৬ শতাংশ রোহিঙ্গা নারী-পুরুষ। অর্থাৎ তাঁদের বিশাল অংশ শুধু মিয়ানমারের স্থিতিশীলতা ফেরায় আস্থা পাচ্ছেন না, তাঁদের কাছে নাগরিকত্ব, নিরাপত্তা ও সমান অধিকারই দেশে ফেরার প্রধান শর্ত।
নেতৃস্থানীয় বেসরকারি সংস্থা ব্র্যাকের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে ‘রোহিঙ্গা সংকটের দশম বছর ও পরবর্তী সময়: সাড়াদান কার্যক্রম পুনর্বিবেচনা’—শীর্ষক এক নীতি সংলাপে এ জরিপের ফলাফল তুলে ধরা হয়।
জরিপে রোহিঙ্গা তরুণ-যুবকদের জীবনযাপন, কর্মসংস্থান এবং প্রত্যাবাসন-সংক্রান্ত আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরা হয়েছে। এতে উখিয়া ও টেকনাফের ১২টি আশ্রয়শিবিরের ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৫৭৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ অংশ নেন। তাঁদের মধ্যে ২৯১ জন নারী ও ২৮৫ জন পুরুষ।
সংলাপে জরিপের তথ্য তুলে ধরে ব্র্যাকের অ্যাডভোকেসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নাফিউল হাসান জানান, সামগ্রিকভাবে ৭৬ দশমিক ৭ শতাংশ তরুণ রোহিঙ্গা নির্দিষ্ট শর্ত পূরণ হলে মিয়ানমারে ফিরতে চান। তাঁদের মধ্যে ৮২ দশমিক ৬ শতাংশ নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত হলে ফিরতে আগ্রহী। এমনকি শিবিরে পর্যাপ্ত সহায়তা অব্যাহত থাকলেও নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত করা হলে ৮০ দশমিক ২ শতাংশ দেশে ফিরতে চান।
তবে নাগরিকত্ব ছাড়া এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ নিয়ে ফিরতে চান মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ। এ ক্ষেত্রে তরুণীদের আগ্রহ আরও কম, মাত্র ৮ দশমিক ৯ শতাংশ।
প্রতিবেদনে আরও দেখা যায়, আশ্রয়শিবিরে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বন্ধ করে দেওয়া হলে এবং মিয়ানমারে সহায়তার প্রস্তাব থাকলেও ৫২ দশমিক ৬ শতাংশ তরুণ শিবিরেই থেকে যেতে চান।
প্রত্যাবাসন নিয়ে ভাবনার পাশাপাশি রোহিঙ্গা তরুণদের কর্মসংস্থান ও শিক্ষার সংকটও উঠে এসেছে জরিপে। এতে দেখা যায়, মাত্র ১৭ দশমিক ৯ শতাংশ তরুণ বর্তমানে পড়াশোনা করছেন। ৩৮ দশমিক ৪ শতাংশ কোনো জীবিকামূলক কাজে যুক্ত। ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা বা কাজ কিছুতেই নেই। নারীদের পরিস্থিতি আরও খারাপ। জরিপে অংশ নেওয়া তরুণীদের ৮৪ দশমিক ৫ শতাংশই পড়াশোনা বা কাজ কোনোটাতেই যুক্ত নন। পড়াশোনা করছেন মাত্র ৬ দশমিক ৯ শতাংশ নারী।
জরিপে বাংলাদেশের আশ্রয়শিবিরে জন্ম নেওয়া এবং মিয়ানমারে জন্ম নেওয়া তরুণদের প্রত্যাবাসন-আকাঙ্ক্ষার মধ্যে বড় পার্থক্য পাওয়া গেছে। বাংলাদেশে জন্ম নেওয়া তরুণদের মাত্র ১১ দশমিক ৯ শতাংশ দেশে ফিরতে চান। অন্যদিকে, মিয়ানমারে জন্ম নেওয়া তরুণদের মধ্যে এ হার ৮৪ দশমিক ১ শতাংশ।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘রোহিঙ্গাদের ভবিষ্যৎ মিয়ানমারেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্মাণে একটি মধ্যমেয়াদি কৌশল থাকা প্রয়োজন। রোহিঙ্গা জনসংখ্যা ৩৪ শতাংশ হারে বেড়েছে। কিন্তু আন্তর্জাতিক সহায়তা ৩৭ শতাংশ হারে কমেছে।’
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজসেন বলেন, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন এখনো অনিশ্চিত থাকায় রোহিঙ্গা সংকট দিন দিন আরও জরুরি ও জটিল হয়ে উঠছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার শাখার পরিচালক নির্ঝর অধিকারী বলেন, এই সংকটের চূড়ান্ত সমাধান হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন।
সংলাপ ও জরিপের আয়োজক ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘মনে হচ্ছে, প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে অনেক সময় লাগবে। এ কারণে মধ্যমেয়াদি কৌশল গ্রহণ করা জরুরি। দাতাদের কাছ থেকে একাধিক বছরের জন্য অর্থায়নের অঙ্গীকার নিতে হবে। এ জন্য উন্নয়ন সহযোগী, দাতা সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে একটি কমপ্যাক্ট বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা প্রয়োজন।’









