
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্যক্তিগত কর্মকর্তার নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদায়ন ও পদোন্নতির আশ্বাস দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এম আমিনুর রহমান শান্ত (৪৪) ও নিলুফা সুলতানা (৫৬)। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁদের মধ্যে নিলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ অধিশাখার এক কর্মকর্তার ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে কর্মরত।
আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, নিলুফার নেতৃত্বেই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, চক্রের সদস্যরা নিজেদের কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি কিংবা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তির আত্মীয় পরিচয় দিতেন। এভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হতো। তিনি বলেন, প্রতারণার কাজে তাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন।
ডিবির এই কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসানের দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। গত বুধবার (২০ মে) ডিএমপি কমিশনার বরাবর দেওয়া অভিযোগে বলা হয়, তাঁর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে একটি চক্র সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদায়ন ও পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে। এই অভিযোগের পর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর পশ্চিম রামপুরা এলাকা থেকে আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। পরে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিশ্লেষণ করে চক্রের আরেক সদস্য নিলুফা সুলতানার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এরপর তাঁকেও গ্রেপ্তার করা হয়।
শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের মোবাইল ফোনসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তে বিভিন্ন ব্যক্তির সঙ্গে বদলি ও পদায়ন নিয়ে কথোপকথন, বায়োডাটা সংগ্রহ এবং সম্ভাব্য বদলির আদেশের কপি আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, হোয়াটসঅ্যাপ বিশ্লেষণ করে ২০-২২ পৃষ্ঠার সমপরিমাণ কথোপকথন পাওয়া গেছে। সেখানে কোথায় পদায়ন হলে কত টাকা দিতে হবে, এ ধরনের আলোচনা রয়েছে।
এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। তদন্তে যাঁদের সম্পৃক্ততার প্রমাণ মিলবে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মিথিলা গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় আহত এক পথচারীকেও হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
৪৪ মিনিট আগে
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে এক নারীর ছবি বিকৃত করে অশ্লীল কনটেন্ট তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করা হলে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে