
সকাল থেকেই রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের উপস্থিতি ছিল। বিদেশগামী যাত্রী, রোগী ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু মুহূর্তের মধ্যে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের বড় বড় কয়েকটি মিছিল এসব চেকপোস্ট উপেক্ষা করে উত্তরার রাজপথ দখলে নেয়।
আজ সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর অংশে উভয় পাশেই বিজিবি ও পুলিশের চেকপোস্ট ছিল। সেই সঙ্গে বিএনএস সেন্টার এলাকায় কয়েক শ সেনাসদস্যসহ পুলিশের ভারী চেকপোস্ট ছিল। এ ছাড়া ঢাকা-আশুলিয়া মহাসড়কের তুরাগের বেড়িবাঁধ ও মিরপুর বেড়িবাঁধ রোডের বিরুলিয়া ব্রিজ এলাকায়ও ছিল সাভার ও পল্লবী থানার চেকপোস্ট।
কিন্তু বেলা ১১টার দিকে আবদুল্লাহপুর বেড়িবাঁধের কোটবাড়ী রেলগেট, জয়নাল মার্কেট, জমজম টাওয়ারের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে হাউজবিল্ডিং এলাকায় জড়ো হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। অন্যদিকে, আবদুল্লাহপুর এলাকায় বেলা ১১টা ১০ মিনিটের দিকে গাজীপুর ও আশুলিয়ার দিক থেকে আন্দোলনকারীরা এসে জড়ো হন।
ওই সময় গাজীপুর থেকে শত শত মানুষের একটি বড় মিছিল এসে আবদুল্লাহপুরের দিকে প্রবেশ করলে চেকপোস্টে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছেড়ে দিতে বাধ্য হন। পরে বিএনএস সেন্টারে কয়েক শ বিক্ষোভকারী আসলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেকপোস্ট সরিয়ে নেন। আন্দোলনকারীদের তোপের মুখে পিছু হটে পুলিশও। সেই সঙ্গে সেনাসদস্যরা তাঁদের তারের বেড়া ও আগে থেকে রাখা সাঁজোয়া যান একপাশে সরিয়ে ফেলেন।
এ সময় আন্দোলনকারীদের ভুয়া ভুয়া স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে যায় পুরো উত্তরা। এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘এক দফা এক দাবি, জাতীয় সরকার করতে হবে’, ‘শেখ হাসিনার সরকার, আর নাই দরকার’, ‘আমার ভাই কেন কবরে, খুনি কেন বাইরে’সহ নানা স্লোগান দেন।
দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ রাজধানীর ঢাকামুখী পদযাত্রা শুরু করেন। আন্দোলনকারীদের বড় একটি অংশ উত্তরার হাউজবিল্ডিং থেকে রাজলক্ষ্মী এলাকা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকেন।
এর আগে সকালের দিকে ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সুমন কর আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার প্রবেশপথগুলোর মধ্যে উত্তরার আবদুল্লাহপুর, বিএনএস সেন্টার ও তুরাগের ধউর এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে তল্লাশি করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না।’ এক প্রশ্নের জবাবে সুমন কর বলেন, ‘পরিবেশ পরিস্থিতি বলে দেবে আমরা কখন কোন সিদ্ধান্তে যাব।’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজনীতি নিষিদ্ধ করা হয় ২০২৪ সালের ২৮ অক্টোবর। তবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কয়েকটি ছাত্রসংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এমন কর্মকাণ্ডে প্রশাসনের পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নিচ্ছেন। এমনকি প্রশাসনের লোকজনও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করছেন।
২ ঘণ্টা আগে
কাঁঠালতলী থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ শ্রীমন্ত নদের বেড়িবাঁধে ১৯৯৮-৯৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে চুক্তির মাধ্যমে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ গাছ রোপণ করে। বর্তমানে এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ মিটার এলাকায় বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
দুপুরের গুলিস্তানকে একটু অচেনাই লাগছিল। কয়েক দিন আগেও যেখানে সারি সারি অবৈধ দোকানের জন্য ফুটপাত বা রাস্তার ধার দিয়ে স্বস্তিতে হাঁটার উপায় ছিল না, সেই জায়গা সোমবার দেখা গেল একদম ফাঁকা। রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে স্বস্তিতে, পথ চলতে দোকানের জন্য থমকে যেতে হচ্ছে না।
২ ঘণ্টা আগে