
রাজধানীর ধানমন্ডিতে পূর্ববিরোধ ও ভ্যানভাড়া চাওয়াকে কেন্দ্র করে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালকের নাম রনি খন্দকার (৪৭)। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ধানমন্ডির ৩ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার অভিযুক্ত রুবেল হোসেন ও বাবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রনি খন্দকার বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে। তিনি রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তাঁর দুই সন্তান রয়েছে।
নিহত ভ্যানচালকের ছেলে রায়হান খন্দকার সাংবাদিকদের জানান, ধানমন্ডির ৩ নম্বর রোডে পিঠা বিক্রি করতেন রুবেল। সেখানে ভ্যানভাড়া ও পিঠা বিক্রির জায়গা নিয়ে তাঁর বাবার সঙ্গে রুবেলের আগে থেকেই বিরোধ চলছিল। গতকাল রাতে ভ্যানভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল তাঁর এক সহযোগীকে নিয়ে তাঁর বাবাকে মারধর করেন এবং দোকানে থাকা ছুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হলে রুবেল হঠাৎ ছুরি নিয়ে রনির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণে রনির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহত রনির ছেলে রায়হান খন্দকার বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রুবেল হোসেন ও তাঁর সহযোগী বাবুরকে গ্রেপ্তার করেছে।

বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৯ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ার একদল যুবক ইতালিতে কাজের আশায় জমি বিক্রি, ঋণ ও ধারদেনা করে বিপুল অর্থ দিয়েছিলেন দালালদের হাতে। কিন্তু ইউরোপে পৌঁছার আগেই তাঁদের স্বপ্ন থেমে গেছে লিবিয়ায়। চাকরির প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে সেখানে গিয়ে উল্টো জিম্মিদশায় নির্যাতনের শিকার হতে হয় তাঁদের।
২৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন রাস্তা খানাখন্দে ভরে গেছে। এতে সড়কে চলাচলকারী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে রাস্তাগুলোয় পানি জমে যায়।
১ ঘণ্টা আগে
বগুড়ায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি মৎস্যজীবী লীগ নেতা ইলিয়াছ শাহকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের চকলোকমান বেজোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে