Ajker Patrika

নারায়ণগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নারায়ণগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার
‘কুত্তা শ্রাবণ’কে তিন সহযোগীসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে এসআরবি-১১। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে (২০) তিন সহযোগীসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে এসআরবি-১১। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি রামদা জব্দ করা হয়।

আজ বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের তারাবো এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১-এর প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর ও উঠতি বয়সীদের নিয়ে একটি সংঘবদ্ধ গ্যাং গড়ে তুলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

এসআরবি-১১-এর দাবি, সম্প্রতি রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনিকে হত্যার ঘটনায় শ্রাবণ ও তাঁর গ্যাংয়ের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। ওই হত্যাকাণ্ডের পর এলাকাবাসী শ্রাবণের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এসআরবি-১১ আরও জানায়, পূর্বে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় শ্রাবণ ও তাঁর সহযোগীরা তারাব পৌরসভার টাটকি এলাকায় মামলার বাদী আমেনা বেগমের বাড়িতে আগুন দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এসআরবি জানিয়েছে, শ্রাবণের নেতৃত্বে কিশোর গ্যাংটি রূপগঞ্জ এলাকায় বিভিন্ন সময় সংঘর্ষ, গোলাগুলি ও দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়ে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত