
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পরোয়ানা জারি হওয়া অন্য তিনজন হলেন ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তাঁর স্বামী মাসুকুর রহমান এবং এর কর্মকর্তা কাউসার আহমেদ।
আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার বাদী ও বাংলাদেশ ই-কমার্স কনজিউমারস সোসাইটির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘সোহেল রানা, সোনিয়া মেহজাবিন, মাসুকুর রহমান ও কাউসার আহমেদ পরস্পর যোগসাজশে ই-অরেঞ্জ শপ তৈরি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছে। সুপরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দিয়ে চমকপ্রদ বিজ্ঞাপন করিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হয়েছে। তাঁরা ৭ থেকে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও ছলচাতুরীর আশ্রয় নিয়ে পণ্য সরবরাহ করেননি। আদালত আমার করা মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি আশা করি তাঁদের শাস্তি হবে এবং তাঁদের সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে।’
বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা বলেন, গত ২৮ ডিসেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২১-এর বিচারক আরফাতুল রাকিবের আদালত আমাদের মামলা আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেন। কিন্তু আসামিরা নিজেরা অথবা তাঁদের পক্ষে কোনো আইনজীবী আদালতে যাননি। এরপর আমরা আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করি। বৃহস্পতিবার আদালত তা মঞ্জুর করেন এবং পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, সোনিয়া মেহজাবিন, মাসুকুর রহমান ও কাউসার আহমেদ বর্তমানে কারাগারে রয়েছেন। আর সোহেল রানা পলাতক অবস্থায় আছেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে