
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন মার্কেটগুলোর ব্যবসায়ীদের জন্য বকেয়া পৌর কর পরিশোধে বিশেষ সুবিধা ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। তিনি জানিয়েছেন, ৩০ জুনের মধ্যে বকেয়া পৌর কর পরিশোধ করলে আরোপিত ১৫ শতাংশ সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে।
আজ মঙ্গলবার নগর ভবনের অডিটরিয়ামে ডিএসসিসির নিজস্ব মালিকানাধীন মার্কেট কমিটির নেতাদের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ট্রেড লাইসেন্সসহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় আবদুস সালাম এই ঘোষণা দেন।
প্রশাসক বলেন, ৩০ জুনের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধ করলে আরোপিত ১৫ শতাংশ সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে। করদাতারা এই সুযোগ গ্রহণ করে অতিরিক্ত আর্থিক বোঝা ছাড়াই তাঁদের বকেয়া কর পরিশোধ করতে পারবেন।
মতবিনিময় সভায় মার্কেট প্রতিনিধিরা দোকানের ট্রেড লাইসেন্স-সংক্রান্ত জটিলতা, মার্কেটের সামনে হকারদের অবৈধ অবস্থান, আবর্জনা ব্যবস্থাপনার দুর্বলতা ও অবৈধ দখলসহ মার্কেট পরিচালনার বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন।
জবাবে প্রশাসক বলেন, সিটি করপোরেশন নাগরিকদের কর ও ভাড়ার অর্থে পরিচালিত হয়। রাজস্ব ঘাটতির কারণে সেবা কার্যক্রমে চাপ তৈরি হচ্ছে। তাই ব্যবসায়ীদের নিয়মিত কর ও ভাড়া পরিশোধে এগিয়ে আসতে হবে।
দীর্ঘদিনের অনিয়ম ও অবৈধ স্থাপনার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দীর্ঘ ১৫-২০ বছর ধরে চলে আসা বিভিন্ন অনিয়ম ও জটিলতা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আপনারা নিয়ম মেনে সহযোগিতা করুন, সিটি করপোরেশনও প্রয়োজনীয় সহায়তা করবে।’
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ‘আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে আপনারা বৈধভাবে ব্যবসা করবেন এবং করপোরেশনও তার প্রাপ্য রাজস্ব পাবে। একজনকে টাকা দিয়ে ব্যবসা করলেই তা বৈধ হয়ে যায় না; বৈধতার জন্য সিটি করপোরেশনের নিয়ম অনুসরণ করতে হবে।’
সভায় বাজার ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং সেখান থেকে করপোরেশনের নির্ধারিত ঠিকাদারদের মাধ্যমে তা অপসারণ, মার্কেটের সামনে ময়লা-আবর্জনা না ফেলা এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নোটিশ ও জরিমানার ব্যবস্থা গ্রহণ। ডেঙ্গু প্রতিরোধে বাজার নিয়মিত পরিষ্কার রাখা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া যেসব ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, তাঁদের দ্রুত লাইসেন্স হালনাগাদের আহ্বান জানানো হয়।
প্রশাসক জানান, মোবাইল কোর্ট পরিচালিত হলে দীর্ঘদিনের বকেয়াসহ জরিমানা আরোপ করা হতে পারে। একই সঙ্গে অতিরিক্ত বড় সাইনবোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত কর পরিশোধের নির্দেশনা দেওয়া হয়।
মার্কেটের প্যাসেজ, জনসাধারণের চলাচলের পথ ও প্রবেশদ্বার দখল করে কোনো ধরনের দোকান বা স্থাপনা না রাখার নির্দেশ দিয়ে প্রশাসক বলেন, স্বপ্রণোদিত হয়ে এসব অবৈধ দখল অপসারণ না করলে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ডিএসসিসি এলাকার সব রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেতে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে পৃথক র্যাম্প ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়।
সভা শেষে প্রশাসক নগরবাসী, ব্যবসায়ী ও করদাতাদের বকেয়া পৌরকর পরিশোধে সারচার্জ মওকুফের বিশেষ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে করদাতারা যেমন আর্থিকভাবে উপকৃত হবেন, তেমনি নগরের উন্নয়ন কার্যক্রমও আরও গতিশীল হবে।

রাজধানীর কাফরুলে যুবদলকর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে আসামিরা কি বলেছেন তা বিস্তারিত জানা না গেলেও তারা হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে...
৪১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে
গত শনিবার উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার সাকিনন্থ একো কোল্ডস্টোরেজসংলগ্ন খাল ও ধলেশ্বরী শাখানদীর তীরবর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ।
১ ঘণ্টা আগে
উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন তাঁর ব্যক্তিগত কক্ষে বসে ঘুষের ওই টাকা নেন। ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভূমি কর্মকর্তা সরোয়ার তাঁর অফিসের একটি কক্ষের চৌকিতে বসে টাকা গুনে পকেটে রাখেন। পরে নিজের চেয়ারে গিয়ে বসে বলেন, ‘এক মাসের মধ্যে কাজ শেষ করে দেওয়া হবে।’
১ ঘণ্টা আগে