জবি ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটকের পর মারধর করে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তাঁকে আটক করা হয়। আটক শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিভাগটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
বিভাগীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের ওই নেতা বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে এসেছিলেন। এ সময় ছাত্রদলের নেতারা খবর পেয়ে সেখানে গিয়ে তাঁকে আটক করেন। তখন ছাত্রদল নেতাদের বাঁধা দেন আটক শাকিলের বান্ধবী ও সহপাঠীরা। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন জব্দ করেন উপস্থিত নেতারা।
এদিকে শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, মোবাইল ফোন চেক করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকার তাৎক্ষণিক প্রমাণ পাওয়া গেছে শাকিলের বিরুদ্ধে। এ ছাড়া তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগের ছাত্রলীগের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড তাঁর মাধ্যমেই পরিচালিত হয়। তিনি ছাত্রলীগের পদ থেকেও পদত্যাগ করেননি বলে দাবি করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাছির আহমাদ বলেন, ‘ওই ছাত্রনেতাকে ধরে নিয়ে আসছে, পরে আমরা একটু দেখার চেষ্টা করলাম সে কে। পরে এটা জানতে পারলাম, সে ফিলোসফি (দর্শন) ডিপার্টমেন্টের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এটা দেখার পরে আমরা তার নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য পুলিশকে ফোন দিয়েছি। পরে আমরা তাকে পুলিশের হেফাজতে সোপর্দ করেছি।’









