
পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকার সদরঘাটে লঞ্চযাত্রীর সেই চিরচেনা ভিড় আর নেই। তবে ঈদ বা উৎসব পার্বণ এলে কিছুটা চাপ বাড়ে। ১৭ জুন (সোমবার) উদ্যাপিত হবে ঈদুল আজহা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বাস–ট্রেনের পাশাপাশি লঞ্চেও রাজধানী ছাড়ছেন অনেকে।
আজ শুক্রবার সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীর চাপ। বিকেলের পর সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে টার্মিনালে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে বিভিন্ন লঞ্চে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি লঞ্চই যাত্রী বোঝাই। কোনো লঞ্চে কেবিন খালি নেই। ডেকেও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ডেকে জায়গা পেতে ছাড়ার ছয়–সাত ঘণ্টা আগেই লঞ্চে উঠে পড়তে দেখা গেছে অনেককে। যাত্রী বোঝাই হওয়ার পরও যাত্রী পেতে হাঁকডাক দিতে গেছে লঞ্চ শ্রমিকদের।
ঈদযাত্রা নিরাপদ করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে নিরাপত্তায় নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা নদীবন্দরে এসেছে ৬০টি লঞ্চ এবং যাত্রীবোঝাই হয়ে ছেড়ে গেছে ৫০টি লঞ্চ। আজ রাত ১২টা পর্যন্ত দেশের ৪১টি রুটে প্রায় ১১০টি লঞ্চ ছেড়ে যাবে।
পুরান ঢাকার জুরাইন পোস্তগোলা থেকে বরিশাল নলছিটিগামী আব্দুল মান্নান খান বিকেল ৪টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে লঞ্চের ডেকে জায়গা দখল করেছেন। আব্দুল মান্নান খানের সঙ্গে কথা হলে তিনি জানান, তাঁর ছেলে, ছেলের বউ ও নাতি–নাতনিসহ তাঁরা পাঁচজন যাবেন বরিশালের নলছিটি। লঞ্চ ছেড়ে যাবে রাত ১০টায়, অথচ তিনি বিকেল ৪টায় এসে লঞ্চে জায়গা রেখেছেন। পরে এলে যদি ডেকে জায়গা না পাওয়া যায়, তাই এই ব্যবস্থা!
ঢাকা–ঝালকাঠিগামী লঞ্চ ফারহান–৭ লঞ্চের কেরানি মো. সুমন বলেন, ‘যাত্রীর চাপ তুলনামূলক বেশি। আমাদের সব কটি কেবিন বুকিং হয়ে গেছে।’ তিনি বলেন, ‘আমাদের লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ার কোনো সুযোগ নেই। লঞ্চে যাত্রীবোঝাই হয়ে গেলে ঘাট থেকে লঞ্চ ছাড়ার নির্দেশনা দিলেই আমরা লঞ্চ ছেড়ে দিই।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। কোনো লঞ্চে যেন অতিরিক্ত যাত্রীবোঝাই না করে সে জন্য আমরা যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছি।’
জয়নাল আবেদীন আরও বলেন, ‘আজ যাত্রীর চাপ তুলনামূলক একটু বেশি। গতকাল বৃহস্পতিবার ঢাকা নদীবন্দর থেকে ৯৪টি লঞ্চ দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে, আজ ১১০ থেকে ১১২টি লঞ্চ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া যাত্রীর চাপ বিবেচনায় আমরা আরও ১২–১৩টি স্পেশাল লঞ্চের ব্যবস্থা রেখেছি।’

ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৩ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৪ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
৪ ঘণ্টা আগে