বিদেশে বসে দেশের রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফেসবুক লাইভে অশালীন মন্তব্য করার জন্য আলোচিত সেই সেফায়েত উল্লাহ মজুমদার ওরফে সেফুদাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায় দেন।
রায়ে বলা হয়, আসামির পক্ষে অভিযোগ প্রমাণ করতে পারেননি বাদীপক্ষ। এ কারণে আসামিকে খালাস দেওয়া হলো।
সেফুদার খালাসের বিষয়টি ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদীসহ চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয় এ মামলায়।
২০১৯ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য আলীম আল রাজী জীবন। ট্রাইব্যুনাল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর মামলার অভিযোগ তদন্ত শেষে একই বছরের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী সেফুদার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিবেদন দাখিল করেন।
ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২০২২ সালের ১৯ জানুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, আসামি সেফায়েত উল্লাহ অনলাইনে একাধিকবার বিভিন্নভাবে ভিডিও আপলোড করেছেন, যা ভাইরাল হয়েছে। তিনি এসব ভিডিওর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশ্লীল ও আক্রমণাত্মক অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এতে আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ, মানহানিকর তথ্য প্রকাশ এবং একাধিক গোষ্ঠীর মধ্যে মতবিরোধ সৃষ্টি করেছেন। ফলে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। যা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ।
অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ সেফুদা চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চেরিয়ারা গ্রামের মৃত আলী আকবর মজুমদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থান করে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি, ধর্মসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রচার করে ভাইরাল হন।

এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট চালু হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩২ মিনিটে চালু হওয়া ইউনিটটি থেকে বর্তমানে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ফলে প্রথম ইউনিটসহ এখানে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।
১২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদকসংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে শহরের পৌরসভার মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. রজব আলী (২৮) পৌরসভার মসজিদপাড়া এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।
২২ মিনিট আগে
গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে গত মে মাসে তদন্ত করে উপজেলা প্রশাসন। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আইনি ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই খামারের দুর্গন্ধ ও মাছির উপদ্রবে বিপর্যস্ত রয়েছে স্থানীয় জনজীবন।
১ ঘণ্টা আগে
ফেনীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. আহসানুল ইসলাম (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সুমন (৪৫) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে