Ajker Patrika

৪৩ কোটি টাকা লোপাট: পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩১
৪৩ কোটি টাকা লোপাট: পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
প্রশান্ত কুমার হালদার। ফাইল ছবি

কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে প্রায় ৪৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অর্থ আত্মসাতের এ ঘটনায় মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি।

আজ বুধবার দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই মামলাটি করা হবে।

দুদকের অনুমোদন অনুযায়ী মামলার আসামিদের মধ্যে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক, সাবেক পরিচালক মো. আনোয়ারুল কবীর ও মো. নুরুজ্জামান।

এ ছাড়া ঋণগ্রহীতা প্রতিষ্ঠান স্বন্দীপ করপোরেশনের স্বত্বাধিকারী স্বপন কুমার মিস্ত্রি, প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসিম আনোয়ার, সাবেক সদস্য এম এ হাশেম, নুরুল আলম, মো. জহিরুল আলম, বাসুদেব ব্যানার্জী ও মো. নওশেরুল ইসলামকে আসামি করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্য আসামিরা হলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই, সাবেক সিনিয়র ব্যবস্থাপক আল মামুন সোহাগ, সাবেক ব্যবস্থাপক মো. রাফসান রিয়াদ চৌধুরী এবং সুকুমার মৃধা।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে স্বন্দীপ করপোরেশনের নামে ইন্টারন্যাশনাল লিজিং থেকে ঋণ নেন। পরে ঋণের অর্থ আত্মসাৎ করে বিভিন্ন মাধ্যমে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও জাল দলিল ব্যবহারের ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারাও মামলায় যুক্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত