Ajker Patrika

রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’
আইএফএসএসই-২০২৬ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীতে আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (আইএফএসএসই-২০২৬)। এতে ২০টির বেশি দেশের ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনীর পাশাপাশি অগ্নিনিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি নিয়ে পাঁচটি বিশেষায়িত সেমিনার এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের প্রদর্শনীর আয়োজন করা হবে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।

ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) আয়োজিত এ প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকেরা জানান, এবারের প্রদর্শনীতে ১৩টির বেশি পণ্য ও সেবা বিভাগে অগ্নিনির্বাপণ প্রযুক্তি, ইলেকট্রনিক নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ও নজরদারি প্রযুক্তি, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং শিল্প নিরাপত্তাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হবে। এতে ২০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করছেন তাঁরা।

পাঁচটি বিশেষায়িত সেমিনারে ২৫ জনের বেশি বক্তা নিরাপত্তা প্রযুক্তি, ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মান ও উত্তম চর্চা এবং শিল্প ও অবকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে ইএসএসএবির প্রেসিডেন্ট স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম বলেন, আগের নয়টি আয়োজনের ধারাবাহিকতায় এবার দশম আসর অনুষ্ঠিত হচ্ছে। আগের আয়োজনগুলোতে প্রতিবছর গড়ে ১১ থেকে ১২ হাজার দর্শনার্থী অংশ নিয়েছেন। তিন হাজারের বেশি মানুষ বিভিন্ন সেমিনার ও জ্ঞানবিনিময় কার্যক্রমে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। তৈরি পোশাকশিল্পের পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস, তথ্যপ্রযুক্তি, চামড়া ও পাদুকা, প্লাস্টিক এবং খেলনাশিল্পের পরিধি বাড়ছে। এসব খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক অগ্নিনিরাপত্তা, শিল্প নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক, বিনিয়োগ ও সম্পদের সুরক্ষা বাড়বে। পাশাপাশি বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

প্রধান অতিথির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান দেশের অগ্নিনিরাপত্তা ও জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

এক্সপোর অন্যতম আকর্ষণ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে অগ্নিকাণ্ডের সময় করণীয়, প্রাথমিক অগ্নিনির্বাপণ পদ্ধতি ও জরুরি পরিস্থিতিতে নিরাপদে বের হওয়ার কৌশল দেখানো হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের জাতীয় জরুরি হটলাইন ১০২ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং স্বেচ্ছাসেবক নিবন্ধনের জন্য বিশেষ বুথ স্থাপন করা হবে।

প্রদর্শনীতে শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থায় অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচটি ক্যাটাগরিতে ‘ইএসএসএবি সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হবে। এ ছাড়া দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ফায়ার ফাইটারদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের ‘অগ্নিবীর’ সম্মাননা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত