Ajker Patrika

১২ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
১২ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ
নতুন বিধিমালা বাতিলসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার সকালে সমাবেশ করছেন রিকশাচালকেরা। ছবি: আজকের পত্রিকা

‎ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা বাতিলসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছেন রিকশাচালকেরা। আজ সোমবার সকাল ১০টা থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।‎

‎সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা অংশ নিয়েছেন। আয়োজক সংগঠনটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সম্পৃক্ত।

‎সমাবেশকারীদের দাবির মধ্যে রয়েছে— বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদান, বৈধ রুট পারমিট দেওয়া, অনুমোদিত রাস্তায় নির্বিঘ্নে চলাচলের সুযোগ এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও চার্জিংয়ের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করা।

‎এ ছাড়া রিকশা আটক, ডাম্পিং ও চালকদের হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তারা। সমাবেশ শেষে ১২ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর দেওয়ার কর্মসূচি রয়েছে।‎

‎সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ এসব যানবাহনের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট জোন ও রুটে চলাচল, ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিসীমা এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও নির্দিষ্ট প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

‎নতুন বিধিমালার এসব বিধিনিষেধের বিরোধিতা করছেন চালকেরা। তাঁদের দাবি, জীবিকা নির্বাহের স্বার্থে অনুমোদিত সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে হবে।

‎‎এদিকে সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল কমে গেছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত